সংসদে প্রশ্নোত্তরকালে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান জানালেন মন্ত্রীরা
আ’লীগ নেতা সামাদ আজাদের অনুরোধে টিপাইমুখ বাঁধ চালু করা হয় : স্পিকার
Printed Edition
সংসদ প্রতিবেদক
জাতীয় সংসদের অধিবেশনে বুধবার জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের কঠোর অবস্থান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম ও ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কৃষি, ভূমি, মুক্তিযুদ্ধ, পর্যটন ও পরিবেশ খাতে নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়।
সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে মন্ত্রীরা সার ও কীটনাশক সরবরাহে অনিয়ম রোধে কঠোর আইনিব্যবস্থা, ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তকরণ, ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণসহ নানা উদ্যোগের কথা জানান। দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি এবং জনগণের দোরগোড়ায় আধুনিক সেবা পৌঁছে দেয়ার অঙ্গীকারই ছিল প্রশ্নোত্তর পর্বের মূল বার্তা।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, অতীতে আওয়ামী লীগ আমলে আবদুস সামাদ আজাদের অনুরোধেই টিপাইমুখ বাঁধ চালু করা হয়েছিল। তার ভাষায়, ‘আমরাই নিজেরা এ ধরনের সিদ্ধান্তের মাধ্যমে ঝুঁকি ডেকে এনেছিলাম।’
সার ও কীটনাশক সরবরাহে অনিয়মে কঠোর ব্যবস্থা : কৃষি উপকরণ- বিশেষ করে সার ও কীটনাশক সরবরাহে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিলসহ কঠোর আইনিব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের প্রশ্নের জবাবে তিনি বলেন, অনিয়মকারীর দলীয় পরিচয় বিবেচনায় নেয়া হবে না- যে দলেরই হোক, কাউকে ছাড় দেয়া হবে না।
তিনি জানান, ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫’-এর আওতায় নতুন ডিলার নিয়োগ প্রক্রিয়া চলছে এবং কৃষকদের জন্য সারের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
পেঁয়াজ সংরক্ষণে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন : দেশে উৎপাদিত পেঁয়াজ ও রসুনের অপচয় কমাতে আধুনিক সংরক্ষণ ব্যবস্থার উদ্যোগ নিয়েছে সরকার। কৃষিমন্ত্রী জানান, অধিক উৎপাদনশীল এলাকাগুলোতে আট হাজার এয়ার-ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে রাজবাড়ীর কয়েকটি উপজেলায় এ ধরনের মেশিন বসানো হয়েছে।
তিনি বলেন, বর্তমানে সংরক্ষণ ব্যবস্থার দুর্বলতার কারণে ২৫ থেকে ৩০ শতাংশ পেঁয়াজ নষ্ট হয়। নতুন প্রযুক্তি ব্যবহারে এ ক্ষতি কমে ২ থেকে ৪ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে এবং পেঁয়াজ ৮-৯ মাস পর্যন্ত ভালো রাখা যাবে। এতে দেশে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সহজ হবে।
ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর অভিযান : মুক্তিযোদ্ধাদের তালিকা নির্ভুল করতে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) গঠনের পর থেকে এ পর্যন্ত মোট ছয় হাজার ৪৭৬ জন ভুয়া মুক্তিযোদ্ধার নাম বাতিল করা হয়েছে।
তিনি বলেন, ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ৮৪২টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে তদন্ত শেষে ৪৮১ জনের নাম বাতিলের সুপারিশ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে যাচাই-বাছাই করে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।
ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর ও দুর্নীতি নিয়ন্ত্রণ : ভূমি খাতে স্বচ্ছতা আনতে ১১টি সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু জানান, ই-নামজারি বাধ্যতামূলক করা হয়েছে এবং ভূমি উন্নয়ন কর পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে আদায় করা হচ্ছে। বিকাশ বা নগদের মতো মাধ্যমে সরাসরি সরকারি কোষাগারে অর্থ জমা দেয়ার ফলে নগদ লেনদেন কমে এসেছে।
তিনি বলেন, মাঠপর্যায়ে কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে আকস্মিক পরিদর্শন চালু হয়েছে। ১৬১২২ নম্বরে হটলাইনের মাধ্যমে নাগরিকরা সরাসরি অভিযোগ জানাতে পারছেন। ভবিষ্যতে ড্রোন সার্ভে ও ডিজিটাল ম্যাপিংয়ের মাধ্যমে ভূমি জালিয়াতি শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক হচ্ছে : কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করে দ্রুত আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি জানান, রানওয়ে ১০ হাজার ৭০০ ফুটে সম্প্রসারণ এবং প্রায় ১৮ হাজার বর্গমিটার আয়তনের আধুনিক টার্মিনাল নির্মাণ সম্পন্ন হয়েছে।
বর্তমানে টেস্টিং ও কমিশনিং কার্যক্রম চলছে এবং কয়েক মাসের মধ্যেই বিমানবন্দরটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু হবে।
মন্ত্রী আরো জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে লাভজনক অবস্থানে রয়েছে এবং অনটাইম পারফরম্যান্স ৮০ শতাংশে উন্নীত হয়েছে। বহরে নতুন উড়োজাহাজ সংযোজনের পাশাপাশি পুরনোগুলো পর্যায়ক্রমে বাদ দেয়া হচ্ছে।
পরিবেশদূষণ রোধে মোবাইল কোর্ট : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, বায়ু, পানি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অবৈধ ইটভাটা ও দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। তরল বর্জ্য নির্গমনকারী শিল্পে ইটিপি স্থাপন বাধ্যতামূলক করার উদ্যোগও নেয়া হয়েছে।
বরেন্দ্র অঞ্চলে পানির সঙ্কট প্রসঙ্গে তিনি বলেন, ভূগর্ভের পানির ওপর চাপ কমাতে সারফেস ওয়াটার ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পদ্মা ও মহানন্দা নদীর পানি ব্যবহার করে একটি বড় আকারের পানি শোধনাগার স্থাপনের প্রস্তাব বিবেচনায় রয়েছে। জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় এ প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
টিপাইমুখ বাঁধ ইস্যু : টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে আলোচনার সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, অতীতে আওয়ামী লীগ আমলে এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকেই উদ্যোগ নেয়া হয়েছিল। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে ভবিষ্যতে সমস্যার সমাধানে উদ্যোগ নেয়া হবে।
সার্বিকভাবে সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারের বার্তা ছিল স্পষ্ট- দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের মাধ্যমে জনগণের আস্থা পুনর্গঠনই এখন প্রধান লক্ষ্য।