ইসির নতুন নির্দেশনা

এক আসনের সব প্রিজাইডিং অফিসার অন্য আসনে নয়

Printed Edition

বিশেষ সংবাদদাতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি সোমবার পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়সহ সংশ্লিষ্ট সব দফতরে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো উপজেলায় কর্মকর্তা সঙ্কট থাকলে পার্শ্ববর্তী উপজেলা থেকে নিয়োগ দেয়া যাবে। তবে একটি আসনের সব প্রিজাইডিং অফিসারকে ঢালাওভাবে অন্য আসনে নিয়োগ দেয়া যাবে না। ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল চূড়ান্ত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলায় যদি প্রয়োজনীয় সংখ্যায় না পাওয়া যায়, তবেই কেবল পার্শ্ববর্তী বা নিকটবর্তী উপজেলা থেকে নিয়োগ করা যাবে। তবে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, কোনো একটি বিশেষ আসনের সব প্রিজাইডিং অফিসারকে অন্য কোনো আসনে একযোগে নিয়োগ দেয়া যাবে না।

গত ২৯ ডিসেম্বর পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো এক চিঠির (স্মারক নম্বর-৬৬) পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দিলেন ইসি। এ ছাড়া গত ১৫ ডিসেম্বর ইসি সচিবালয় থেকে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগসংক্রান্ত একটি মূল নির্দেশিকা (স্মারক নম্বর-৩৯৮) জারি করা হয়েছিল। সেই নির্দেশনার আলোকেই বর্তমান সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে বলা হয়েছে।

ইসি জানিয়েছে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে স্থানীয়পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা ও অবস্থান বিবেচনা করে প্যানেল তৈরি করতে হবে। জনবল সঙ্কটের যৌক্তিক কারণ থাকলেই কেবল আন্তঃউপজেলা নিয়োগ কার্যকর হবে। তবে প্রিজাইডিং অফিসারদের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে এক আসনের কর্মকর্তাদের অন্য আসনে গণহারে বদলি না করার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে কমিশন। এই অবস্থায়, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত মোতাবেক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে।

গণভোটের জন্য বিশেষ ব্যানার: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটারদের সচেতন করতে প্রতিটি কেন্দ্রে পরিবেশবান্ধব বিশেষ ব্যানার টাঙানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো: রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুসারে সংবিধানের কিছু প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি আছে কি না, তা যাচাইয়ে এই গণভোট অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোটকেন্দ্রের দৃশ্যমান স্থানে এই প্রশ্ন সংবলিত একটি করে ব্যানার টাঙানো হবে।

নির্দেশনায়, পরিবেশ রক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে এবার ডিজিটাল প্রিন্টের ব্যানারগুলো তৈরিতে সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে কমিশন। ব্যানারগুলোতে উপাদান হিসেবে থাকবে ৮০ শতাংশ প্রাকৃতিক কটন ও ২০ শতাংশ ভিসকস মিশ্রিত পরিবেশবান্ধব ফেব্রিক। ব্যানারগুলো রিঅ্যাক্টিভ ডিজিটাল প্রিন্টের মধ্যে ৩ ফিট বাই ৫ ফিট হবে। ভ্যাট ও ট্যাক্সসহ প্রতিটি ব্যানারের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৮৬ টাকা এবং ব্যানারের ওপর ও নিচে পিভিসি পাইপ ও ঝুলানোর হুক থাকবে।

ইসি জানিয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫ অনুসরণ করে স্থানীয়ভাবে এই ব্যানারগুলো ছাপাতে হবে। ক্রয় পরিকল্পনা ই-জিপি পোর্টালে প্রকাশ করতে হলেও বিশেষ প্রেক্ষাপটে অফলাইনে ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ দেয়া হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ এর বিধি ২৫ (১৪) অনুযায়ী ক্রয়পরিকল্পনা ই-জিপি পোর্টালে প্রকাশ করতে হবে। দেশের সব সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নিজ নিজ জেলার ভোটকেন্দ্রের সংখ্যা অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ এর পর বিপিপিএর জারিকৃত আদর্শ দরপত্র দলিল ব্যবহার করে এই ক্রয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রতিটি ভোটকেন্দ্রের সামনে বা দৃশ্যমান স্থানে নির্বাচনের দিন অবশ্যই এই ব্যানার প্রদর্শন করতে হবে।

নির্বাচনী অভিযোগ নেবেন ১০ কর্মকর্তা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটসংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণের জন্য নির্বাচন কমিশনের ১০ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। ইসির পরিচালক (জনসংযোগ) মো: রুহুল আমিন মল্লিক গতকাল এই তথ্য জানান।

ইসি জানায়, দায়িত্বপ্রাপ্তরা হলেন, খুলনা অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের উপপরিচালক সালাহউদ্দীন আহমদ (মোবাইল : ০১৭১২৫৯১১৪৪, ইমেইল: khulna.region.complain@ecs.gov.bd), ফরিদপুর অঞ্চলের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ নুরুল হাসান ভূঞা (মোবাইল : ০১৭১১৩৬৯৯৭৬, ইমেইল : faridpur.region.complain@ecs.gov.bd)। ময়মনসিংহ অঞ্চলে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার (মোবাইল ০১৭১২০৪৪১৮৮, ইমেইল : mymensingh.region.complain@ecs.gov.bd)। বরিশাল অঞ্চলে সহকারী সচিব মোহাম্মদ আল-মামুন (মোবাইল : ০১৯৩৭৬৩৮০৩৫, ইমেইল : barishal.region.complain@ecs.gov.bd। সিলেট অঞ্চলে সহকারী পরিচালক মিসবাহ উদ্দীন আহমেদ (মোবাইল : ০১৭১৭২৪৪০৭৮, ইমেইল :sylhet.region.complain@ecs.gov.bd)।

ঢাকা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন- নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক জাকির মাহমুদ (মোবাইল : ০১৭১৮৫৬৪৬৩৫, ইমেইল : dhaka.region.complain@ecs.gov.bd)। রংপুর অঞ্চলে সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ (মোবাইল : ০১৮১৮২৬৮০৮২, ইমেইল : rangpur.region.complain@ecs.gov.bd)। চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মুহা: সরওয়ার হোসেন (মোবাইল : ০১৭১৭৪০৫৫৯৪, ইমেইল : chattogram.region.complain@ecs.gov.bd)। রাজশাহী অঞ্চলে সহকারী সচিব মো: মমতাজ-আল-শিবলী (মোবাইল : ০১৬৭৬৩২৪৬০৯, ইমেইল : rajshahi.region.complain@ecs.gov.bd)।

কুমিল্লা অঞ্চলে সহকারী পরিচালক মো: ইকরামুল হাসান (মোবাইল : ০১৭৯৭১৮৫১২৩, ইমেইল : cumilla.region.complain@ecs.gov.bd)। এ ছাড়া নির্বাচন কমিশনের দু’টি ইমেইলে নির্বাচনসংক্রান্ত তথ্য ও অভিযোগ পাঠানো যাবে (centralcord.complain@ecs.gov.bd, mscentralcord.complain@ecs.gov.bd)।

ইসি জানায়, নির্বাচন কমিশন ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে ৩০০টি সংসদীয় আসনের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাগণের সমন্বয়ে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করেছে। এসব কমিটির কাছেও সংশ্লিষ্ট সংসদীয় আসনের নির্বাচনসংক্রান্ত অভিযোগ দায়ের করা যাবে।

পোস্টালে ভোট দেবেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোটের জন্য প্রবাসীসহ মোট নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। গতকাল ইসি এ তথ্য জানিয়েছেন। গত সোমবার ছিল পোস্টাল ভোটের নিবন্ধনের শেষ দিন।

প্রবাসী বাংলাদেশীদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়া ৮৪ হাজার ২৯২ জন এবং তৃতীয় অবস্থানে রয়েছে কাতার ৭৬ হাজার ১৩৯ জন। আর বাংলাদেশ থেকে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন।