গণভোটে হ্যাঁ দিন, মার্কার ব্যালটে যাকে ইচ্ছা ভোট দিন : আলী রীয়াজ

Printed Edition
back-4
রংপুরে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার জন্য ইমামদের সমাবেশে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ : নয়া দিগন্ত

রংপুর ব্যুরো

আগামী নির্বাচনে মার্কার ব্যালটে যাকে ইচ্ছা তাকে ভোট দিন, গণভোটে হ্যাঁ দিন, গণভোটের মার্কা টিক চিহ্ন। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় হয়েছে হ্যাঁ ভোটের মাধ্যমে সেই ঐক্যেই নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ।

গতকাল বেলা ৪টায় রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। কারমাইকেল কলেজ মসজিদের খতিব মোহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে এ সময় প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী মনির হায়দার, ধর্ম সচিব কামাল উদ্দিন, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, ডিআইজি আমিনুল ইসলাম, পুলিশ কমিশনার মজিদ আলী, ডিসি মোহাম্মদ এনামুল আহসান, জাতীয় ইমাম সমিতির বিভাগীয় সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, মুলাটোল মদিনাতুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজগর আলী, কারমাতিয়া জামে মসজিদের ইমাম মাওলানা বায়েজিদ ইসলাম প্রমুখ।

গণভোটের মার্কা টিক চিহ্ন উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে আলী রীয়াজ বলেন, ‘মানুষকে নির্বাচনের ব্যাপারে উৎসাহী করতে হবে। আপনারা যখন ১২ ফেব্রুয়ারি ভোট দিতে যাবেন তখন অন্যদের সাথে নিয়ে যাবেন। এবার ভোটে দুই ব্যালট দেয়া হবে। একটা সাদা আরেকটা গোলাপী। সাদা ব্যালটে জাতীয় সংসদের যারা দলের প্রার্থী, তাদের নাম থাকবে মার্কা থাকবে। আপনার যাকে মনে চায়, যাকে যোগ্য মনে করেন সাদা ব্যালটে তাকেই ভোট দিন। কোন দলে ভোট দিবেন সেটা আপনাদের সিদ্ধান্ত। গোলাপীতেও একটা মার্কা থাকবে। সেটা হলো গণভোটের মার্কা। গণভোটের মার্কা হলো টিক চিহ্ন। হ্যাঁ এবং না এর মধ্যে পাশে দেখবেন চিহ্ন। সেখানে আপনি হ্যাঁ-তে সিল দিবেন।

৫৪ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো দেশকে বদলানোর সুযোগ এসেছে উল্লেখ করে আলী রীয়াজ বলেন, আমরা পারি। আমরা ফ্যাসিবাদ মোকাবেলা করতে পারি। আমরা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। আসুন আমরা সবাইকে উৎসাহিত করি; যাতে আমরা নতুন বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুভ সূচনা করতে পারি। রংপুরের শহীদ আবু সাঈদ আমাদের যে শিক্ষা দিয়েছে, যত প্রতিকূলতাই থাকুক, যদি ন্যায়ের পক্ষে মানুষের পক্ষে থাকেন, তাহলে বিজয় অনিবার্য।

গণভোট হচ্ছে দরজা। চাবি দিয়ে সেই দরজা খোলেন আহ্বান জানিয়ে আলী রীয়াজ বলেন, আমরা বলেছি যে দেশের চাবি আপনার হাতে। গণভোট হচ্ছে সেই দরজা। চাবি দিয়ে সেই দরজা খুলুন। সামনে বাংলাদেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ। সেজন্য আসুন। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যে ঐক্যের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদকে পরাজিত করেছি। সেই ঐক্যের মধ্য দিয়েই হ্যাঁ ভোটের মাধ্যমে আমরা যেন একটা নতুন বাংলাদেশের সূচনা করতে পারি।

উপস্থিত ইমামদের উদ্দেশে আলী রীয়াজ বলেন, আপনারা ইমাম মানুষ। আপনারা সব বোঝেন। আপনারা সমাজকে নেতৃত্ব দেন। সেহেতু আপনারা অন্যদের বোঝান, যে জুলাই জাতীয় সনদের হ্যাঁ না ভোটের কথা। সেই হ্যাঁ না ভোটের মূলকথাটা হচ্ছে দেশটা বদলাবার চেষ্টা করতে হবে। দেশটা বদলাতে হবে। অনেকে বলেন, অনেক প্রশ্ন তার মধ্যে একটা প্রশ্ন হ্যাঁ না। মূলত মূলকথা একটাই। আপনি পুরনো ব্যবস্থা বহাল রাখতে চান। না নতুন করে দেশটাকে গড়ে তুলতে চান। এটাই হলো প্রশ্ন।

নতুন করে গড়ে তুলতে হলে সবাইকে হ্যাঁ বলতে হবে উল্লেখ করে আলী রীয়াজ বলেন, নতুন করে গড়ে তুলতে হলে আপনাকে হ্যাঁ বলতে হবে। শুধু আপনি বললে হবে না। অন্যদের বুঝিয়ে বলতে হবে। আপনারা যদি মানুষকে বোঝাতে পারেন, মানুষকে উৎসাহী করতে পারেন, তাহলে আমি নিশ্চিত মানুষ জুলাই সনদের পক্ষে হ্যাঁ বলবে।

আলী রীয়াজ বলেন, বাংলাদেশের মানুষ যদি গণভোটে হ্যাঁ বলে রাষ্ট্রকাঠামো বদলানোর ম্যান্ডেট দেয়, তাহলে কোনো রাজনৈতিক দলের ক্ষমতা নাই সেটা না মানবে অথবা বাস্তবায়ন না করবে।

পরে তিনি একই স্থানে বিভাগীয়, জেলা, উপজেলাসহ সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন।