দিনাজপুরে ৭ম জেলা কাব ক্যাম্পুরি সম্পন্ন

Printed Edition

দিনাজপুর প্রতিনিধি

খেলাধুলা ও ক্যাম্প ফায়ারসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে সপ্তম জেলা কাব ক্যাম্পুরি-২৬ শেষ হয়েছে। দিনাজপুর গোরা শহীদ বড় ময়দানে গত ১০ থেকে ১৪ জানুয়ারি পাঁচ দিনব্যাপী ক্যাম্পুরির শেষ দিনে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আজাদ, বাংলাদেশ স্কাউট দিনাজপুর অঞ্চলের পরিচালক সত্য রঞ্জন বর্মণ। পাঁচ দিনের এই ক্যাম্প স্কাউটিংয়ের আদর্শে আনন্দ, শৃঙ্খলা ও বন্ধুত্বের প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

আয়োজকরা জানান, জেলার ৭২টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪৩২ জন বালক বালিকা ক্যাম্পে অংশ নেন। এ ছাড়া ক্যাম্প সফল করার জন্য ৩৩ জন রোভার, ১৭ জন কর্মকর্তা ও ৭২ জন ইউনিট লিডার কর্মরত ছিলেন।

তারা জানান, ক্যাম্পুরির মাধ্যমে কাব স্কাউটরা নেতৃত্ব ও দলগত কাজ, শৃঙ্খলা ও দায়িত্ববোধ, সহমর্মিতা ও বন্ধুত্ব, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, আত্মবিশ্বাসী ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। প্রচণ্ড শীতে এই ক্যাম্প অনুষ্ঠিত হওয়ায় দিনাজপুর জেলা প্রশাসক সব কাব ক্যাম্প সদস্যদেরকে একটি করে কম্বলসহ বিভিন্ন সামগ্রী উপহার দেন।