ময়মনসিংহ মেডিক্যালে ২৪ ঘণ্টায় ২৪ শিশু ভর্তি এক মাসে মৃত্যু ৬
Printed Edition
ময়মনসিংহ অফিস
ময়মনসিংহ অঞ্চলে হামের ভয়াবহতা ক্রমেই প্রকট আকার ধারণ করছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ২৪ শিশু ভর্তি হয়েছে। ফলে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে।
স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি, টিকাদান কর্মসূচির কার্যকারিতা এবং মাঠপর্যায়ের নজরদারি নিয়ে এখন বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। প্রতিরোধযোগ্য একটি রোগ কিভাবে এমন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল? তা নিয়ে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে ৫ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২৪৮ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ১৭০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও মৃত্যু হয়েছে অন্তত ছয় শিশুর। সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃত চিত্র আরো ভয়াবহ হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, টিকাদান কর্মসূচির দুর্বলতা, স্বাস্থ্যকর্মীদের তদারকির অভাব এবং জনসচেতনতার ঘাটতির কারণেই হামের এমন বিস্তার ঘটছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো; আক্রান্তদের বড় একটি অংশ ছয় মাস থেকে এক বছর বয়সী শিশু, যা টিকা কাভারেজ নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।
বর্তমানে হাসপাতালে অধিকাংশই কম বয়সী শিশু ভর্তি রয়েছে। ফলে ঝুঁকি আরো বাড়ছে। এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ তিনটি মেডিক্যাল টিম গঠনের কথা বললেও রোগীর চাপের তুলনায় তা কতটা কার্যকর হবে তা নিয়ে রয়েছে সংশয়।
মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মোহাম্মদ মাইনউদ্দিন খান দাবি করেছেন, রোগীদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। তবে স্থানীয়দের অভিযোগ, টিকাদান কার্যক্রমে গাফিলতি, ও সংশ্লিষ্টদের উদাসীনতায় পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে।