৬ লাখ কোটি টাকার রাজস্ব আদায় দরকার : এনবিআর চেয়ারম্যান

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রায় ছয় লাখ কোটি টাকার রাজস্ব সংগ্রহের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো: আবদুর রহমান খান। তিনি বলেন, এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জনে ভ্যাট ও আমদানি শুল্কে ছাড় দেয়ার সুযোগ নেই।

গতকাল রাজধানীর রাজস্ব ভবন সম্মেলন কক্ষে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় রাজস্ব বাজেট প্রণয়নের লক্ষ্যে পরিবহন খাতের সংগঠনগুলোর নেতাদের সাথে প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। তিনি জানান, গতবারের থেকে প্রায় ৫০ শতাংশ রাজস্ব বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং বর্তমানে চার লাখ থেকে ছয় লাখ কোটি টাকার মধ্যে রাজস্ব আদায়ের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এই লক্ষ্যমাত্রা পূরণে কঠোর পদক্ষেপ গ্রহণ ছাড়া বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

এনবিআর চেয়ারম্যান আরো বলেন, ভ্যাট ও আমদানি শুল্কে নতুন করে কোনো ছাড় দেয়ার সুযোগ নেই এবং বিভিন্ন খাতে বিদ্যমান কর অব্যাহতি ধীরে ধীরে তুলে দেয়া হবে। তবে পাবলিক ট্রান্সপোর্ট খাতে সর্বোচ্চ সুবিধা দেয়া হবে এবং টার্নওভার ট্যাক্স কমানোর উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি কর ফাঁকির কারণে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে উল্লেখ করে কর আদায়ে আরো কঠোর হওয়ার ইঙ্গিত দেন।

তিনি স্বীকার করেন, দীর্ঘদিন ধরে রিফান্ড দেয়া হয়নি, যা অন্যায়। প্রায় দেড় বছর ধরে রিফান্ড বন্ধ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পুরো প্রক্রিয়া অনলাইনভিত্তিক না হওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হতে আরো কিছু সময় লাগবে এবং তত দিন এ অবস্থা কিছুটা অব্যাহত থাকতে পারে।

প্রাক-বাজেট আলোচনায় পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন, এর মধ্যে ছিল বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএএএমএ), বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটারওয়ে (প্যাসেঞ্জার ক্যারিয়ার) অ্যাসোসিয়েশন (বিআইডব্লিউপিসিএ), বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন (বিএমএএমএ), বাংলাদেশ শিপ বিল্ডার্স অ্যাসোসিয়েশন (বিএসবিএ), এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি), বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিআইসিডিএ), বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস অ্যান্ড এজেন্টস অ্যাসোসিয়েশন (বিপিডিডিএএ), বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা), লঞ্চ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলওএবি) এবং বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন (বিসিভিওএ)।