দ্বিপক্ষীয় বাণিজ্য ও শুল্কহার নিয়ে আলোচনা

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সাথে জামায়াত আমিরের বৈঠক

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সাথে গতকাল এক ভার্চুয়াল বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুক্তরাষ্ট্র-মুখপাত্র প্রফেসর ড. মোহাম্মদ নাকিবুর রহমান উপস্থিত ছিলেন।

ডা: শফিকুর রহমান বৈঠকের শুরুতে এই উদ্যোগী কলের জন্য রাষ্ট্রদূত গ্রিয়ারকে ধন্যবাদ এবং পারস্পরিক শুল্কহার সংক্রান্ত আলোচনায় বাংলাদেশের প্রতি তার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, রাষ্ট্রদূত গ্রিয়ার তাকে অবহিত করেছেন যে, গত সপ্তাহে তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশের পারস্পরিক শুল্কহার হ্রাসের বিষয়ে আলোচনা করেছেন। এই বিশেষ উদ্যোগের জন্য ডা: শফিকুর রহমান রাষ্ট্রদূত গ্রিয়ারকে আন্তরিক ধন্যবাদ জানান।

ডা: শফিকুর রহমান আরো ধন্যবাদ জানান, যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ তুলা অথবা যুক্তরাষ্ট্রে উৎপাদিত মানবসৃষ্ট (ম্যানমেড) ফাইবার ব্যবহার করে তৈরী পোশাকের ক্ষেত্রে বাংলাদেশকে বিশেষ শুল্ক সুবিধা দেয়ার উদ্যোগের জন্য। তিনি এই প্রস্তাবকে উভয় দেশের জন্য একটি উইন-উইন ফর্মুলা হিসেবে আখ্যায়িত করেন, যা এক দিকে বাংলাদেশের পোশাক রফতানি বাড়াবে, অন্য দিকে যুক্তরাষ্ট্রের কৃষি ও শিল্প খাতকে উপকৃত করবে।

ডা: শফিকুর রহমান বলেন, পারস্পরিক শুল্ক চুক্তি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য একটি অত্যন্ত দৃঢ় ও শক্তিশালী ভিত্তি দিয়েছে। বাংলাদেশ ইতোমধ্যেই এই চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাস্তবায়ন করছে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে বিশেষ পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করলে এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন অব্যাহত রাখবে এবং যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো গভীর করতে আন্তরিকভাবে কাজ করবে।

ডা: শফিকুর রহমান জানান, যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) তহবিলে বাংলাদেশের প্রবেশাধিকার বিষয়ে রাষ্ট্রদূত গ্রিয়ারের সমর্থনের কথা জেনে আনন্দিত। সরকারি বিনিয়োগে ডিএফসি অর্থায়নের সুযোগ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ দ্রুত সম্প্রসারণে একটি অত্যন্ত কার্যকর মাধ্যম হবে।

বৈঠকের শেষ পর্বে ডা: শফিকুর রহমান রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং আশা প্রকাশ করেন যে, এই সফর দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও অংশীদারিত্ব আরো সুদৃঢ় করবে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির সাথে বৈঠক : ডা: শফিকুর রহমান অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি (অস্ট্রেলিয়া ফরেন অ্যান্ড ট্রেড রিপ্রেজেন্টেটিভ) ব্রুস সোয়ারের সাথে গতকাল এক ভার্চুয়াল বৈঠক করেছেন। অস্ট্রেলিয়ার পক্ষে আরো যুক্ত ছিলেন বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপ শাখার সহকারী পরিচালক স্টেসি লি ওয়াকার, বাংলাদেশ শাখা-১ (দ্বিপক্ষীয়)-এর সহকারী পরিচালক ব্রুক সিম্পসন এবং বাংলাদেশ শাখা-২ (রোহিঙ্গা)-এর সহকারী পরিচালক মিশ খান।

বৈঠকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান এবং গণতন্ত্রকে অর্থবহ করার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকা তুলে ধরা হয়। এ ছাড়া বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোতে অস্ট্রেলিয়ান সরকারের সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে অস্ট্রেলিয়া থেকে সরাসরি উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান, বিশিষ্ট বাংলাদেশী প্রবাসী নাগরিক ড. আবদুল মান্নান, ব্যারিস্টার ওসমান গণি ও আহমদুল্লাহ সাদি।

উত্তরার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য-সহযোগিতা দেয়ার আহ্বান : রাজধানীর উত্তরার ১১ নং সেক্টরের ১৮ নং সড়কের একটি ভবনে অগ্নিকাণ্ডে ছয়জনের মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ডা: শফিকুর রহমান। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, এ দুর্ঘটনায় নিহত ফজলে রাব্বী, হারিস, রাহাব, আফসানা, রোদেলা আক্তার এবং আড়াই বছর বয়সী শিশু রিসানের ইন্তেকালে তাদের পরিবারগুলো এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো। আমি এ হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। আমি মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করছি- তিনি যেন নিহতদের সবাইকে শহীদ হিসেবে কবুল করেন, তাদের কবরকে প্রশস্ত করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন। তিনি বলেন, এ ঘটনায় আহত ও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত সুস্থতা কামনা করছি। পাশাপাশি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সাহায্য-সহযোগিতা দেয়ার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় শাখা সংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছি।

ফরিদপুরে জামায়াত নেতাকে জখমের নিন্দা : নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা আলমগীর শেখকে নির্মমভাবে হাতুড়িপেটা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, গত বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে পরিকল্পিতভাবে এ বর্বর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে একটি নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য করার চেষ্টা করে এবং এতে তিনি অপারগতা জানালে সন্ত্রাসী কায়দায় আক্রমণ করা হয়। এ ধরনের রাজনৈতিক সন্ত্রাস ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হামলা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।

তিনি বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, ভিন্ন রাজনৈতিক মত ও অবস্থানের কারণে কাউকে হত্যা বা গুরুতর আহত করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি মানবাধিকার ও আইনের শাসনের চরম লঙ্ঘন। হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সাথে আহত আলমগীর শেখের দ্রুত সুস্থতা কামনা এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস ও ভোটের নামে জবরদস্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।