মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে তা ন্যক্কারজনক : ফারুকী
Printed Edition
বিনোদন প্রতিবেদক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি-বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এই ঘটনাকে ‘ন্যক্কারজনক’ বলে মন্তব্য করেছেন।
নিজের ফেসবুক পোস্টে ফারুকী লেখেন, ‘আইপিএলে মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে তা ন্যক্কারজনক। এর মধ্যে বাংলাদেশের নাগরিকরা ঘৃণার রাজনীতির প্রতিফলন দেখতে পেয়েছেন এবং ব্যথিত হয়েছেন।’
সংস্কৃতি উপদেষ্টা আরো বলেন, ‘সাম্প্রতিক সময়ে ভারতে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে।’ ফারুকীর মতে, মুস্তাফিজকে বাদ দেয়ার ঘটনাটি একই ধরনের কোনো উদ্দেশ্য দ্বারা প্রভাবিত কি-না, সংশ্লিষ্ট মহল নিশ্চয়ই তা খতিয়ে দেখবে।
পাশাপাশি, ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেট বা ফুটবল দল ভারতে সফরের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এমনকি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের দাবিও তুলেছেন।
আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করার প্রসঙ্গে ফারুকী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার কাছে বাংলাদেশে সব প্ল্যাটফর্মে আইপিএল সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘বিনীতভাবে জানাতে চাই, এটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এখতিয়ার। তবে জনগণের উদ্বেগের বিষয়টি আমি তথ্য উপদেষ্টা মহোদয়কে অবহিত করেছি।’