গণতন্ত্রের জন্য খালেদা জিয়া সংগ্রাম করে গেছেন : শামা ওবায়েদ

Printed Edition
bangla-2
বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া-মাহফিলে বক্তব্য রাখছেন শামা ওবায়েদ : নয়া দিগন্ত

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘গণতন্ত্রের জন্য খালেদা জিয়া আজীবন সংগ্রাম করে গেছেন। গত বছর জুলাই অভ্যুত্থানে আমাদের এত ভাই-বোনদের রক্ত ঝরেছে, বিগত ১৭টি বছর ধরে যে রক্ত ঝরেছে, যে গুম-খুন হয়েছে, আমাদের আবু সাঈদ, মুগ্ধরা প্রাণ গিয়েছে, কয়েক দিন আগে আমাদের দেশ প্রেমিক হাদির মৃত্যু হয়েছে- এই সব মৃত্যু, এ সব রক্ত সবই বৃথা যাবে সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে। এ কারণে আগামী দিনে কোন দল ক্ষমতায় আসবে সে সিদ্ধান্তটা আমাদের সঠিকভাবে নিতে হবে। আমি সবাইকে অনুরোধ জানাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। থদেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশে আর আসবে না। বাংলাদেশের মানুষ কখনো তাকে ভুলবে না। তিনি চিরদিন বাংলাদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

গতকাল শুক্রবার দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কৃত্তা মাদরাসা মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে মরহুম বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ এ কথা বলেন। এ সময় সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত শরিফ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ওহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর প্রমুখ।