পিএসবির মসজিদ প্রকল্পের ভিত্তি স্থাপন করলেন কুয়েতের রাষ্ট্রদূত

Printed Edition
artho-2
পিএসবির মসজিদ প্রকল্পের ভিত্তি স্থাপন করলেন কুয়েতের রাষ্ট্রদূত

প্রোগ্রেসিভ সোসাইটি অব বাংলাদেশের (পিএসবি) ব্যবস্থাপনায় এবং জাকাত হাউজ, কুয়েতের অর্থায়নে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখণ্ড গ্রামে নির্মিতব্য জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ঢাকাস্থ কুয়েতের রাষ্ট্রদূত আলী সুনাইয়ান আব্দুল ওয়াহহাব হামাদাহ। এ সময় মসজিদ নির্মাণে অর্থায়নকারী কুয়েতি দাতার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কুতাইবাহ আব্দুল্লাহ সুলাইমান আল-আতিকি। ভিত্তি স্থাপন উপলক্ষে মসজিদ কমিটি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, আল্লাহর ইচ্ছায় কুয়েতের বদান্যতার হাত বাংলাদেশের প্রতিটি অঞ্চলে সম্প্রসারিত হচ্ছে দেখে আমি অত্যন্ত আনন্দিত। মসজিদ, হিফজুল কুরআন মাদরাসা নির্মাণসহ নানাবিধ সেবামূলক কাজের মাধ্যমে তা দৃশ্যমান হচ্ছে। আপনারা যথাযথ গুরুত্বের সাথে মসজিদ নির্মাণ কাজের আঞ্জাম দিয়ে যাবেন। আমরা তাতে সার্বিক সহযোগিতা দিয়ে আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। অনুষ্ঠান শেষে অতিথিদ্বয় উপস্থিত এলাকার কিছুসংখ্যক ইয়াতিম শিশুর মধ্যে উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেন।

এলাকাবাসীর পক্ষে মসজিদ কমিটির সভাপতি ড. মো: হারুনুর রশিদ তাদের জন্য একটি সুন্দর মসজিদ নির্মাণে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেয়ায় রাষ্ট্রদূত, দাতা ও কুয়েতবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি।