ভোলায় বাস-অটো সংঘর্ষে নিহত ৩

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ভোলার লালমোহনে বাস ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া সুনামগঞ্জ ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দু’জন।

ভোলা প্রতিনিধি জানান, ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল বেলা ২টার দিকে লালমোহন উপজেলার গজারিয়া ডা: আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা থেকে চরফ্যাসনগামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত এবং বেশ কয়েকজন বাসযাত্রী আহত হন।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: অলিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাকবলিত যানবাহন দু’টি জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, সুনামগঞ্জের তাহিরপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় রওজাতুল উলুম মাদরাসার শিক্ষার্থী মো: শাহী (৭) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো: শাহী উজান তাহিরপুর গ্রামের বাচ্চু মিয়া ছেলে।

জানা গেছে, রোববার সন্ধ্যায় মো: শাহী তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক পারাপার হচ্ছিল। সে সময় সুনামগঞ্জ জেলা শহর থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা (জোবায়োর অ্যান্ড আদিবা পরিবহন) নিয়ে তাহিরপুর উপজেলা সদরের বাজারে মালামাল নিয়ে উজান তাহিরপুর ইউপি সদস্য তোজাম্মিল হক নাসরুমের বাড়ির সামনে তাকে চাপা দিয়ে চালক পালিয়ে যায়। এ সময় গুরুতর আহতাবস্থায় তাকে স্থানীয় এলাকাবাসী ও পরিবার লোকজন উদ্ধার করে সিলেট এমএজি উসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ৯টায় মারা যায়।

গাজীপুর জেলা প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে পৌরসভার ময়লা ফেলার গাড়িচাপায় একটি পোশাক কারখানার নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। নিহতের নাম জসিম আহম্মেদ (৪৪)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের চাইরবাড়িয়া গ্রামের সিরাজুল হকের ছেলে। সোমবার সকাল সোয়া ৮টার দিকে শ্রীপুর পৌরসভার আনসার রোড (কলিম উদ্দিন চেয়ারম্যান) মোড়ে এলাকার নোমান শিল্প গ্রুপের নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানায় কারখানার ভেতরে দুর্ঘটনাটি ঘটে। জসিম আহম্মেদ তিনি শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার আবদুল মান্নানের বাড়িতে ভাড়া থেকে নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি করত।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস বলেন, শ্রীপুর পৌরসভার ময়লাফেলার গাড়ি কারখানা থেকে ময়লা অপসারণের জন্য কারখানায় প্রবেশ করছিল। নিরাপত্তা প্রহরী জসিম আহম্মেদ কারখানার ভেতরে ১ নম্বর গেইটের উত্তর পাশে রাস্তার ওপর দায়িত্ব পালন করছিলেন। গাড়িটি কারখানায় প্রবেশের সময় দায়িত্বরত নিরাপত্তা প্রহরীকে ধাক্কা দিলে তিনি সেখানে পড়ে যান। এ সময় গাড়ির চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ পৌরসভার ময়লার গাড়ি আটক করলেও চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।