মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ সা:-এর জীবন, আদর্শ ও কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘সীরাত কনফারেন্স ২০২৬’।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ওসমানী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সিলেটের উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও আলোচক মুফতি আলী হাসান উসামা।

তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ সা:-এর জীবন ও আদর্শ শুধু ব্যক্তিজীবনের জন্য নয়, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের জন্যও সর্বোত্তম দিকনির্দেশনা। তার দেখানো মানবিকতা, ন্যায়বিচার, সততা ও নৈতিকতার আদর্শ অনুসরণ করলে ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

তিনি বলেন, বিশেষ করে চিকিৎসক সমাজসহ তরুণ প্রজন্মের মধ্যে মহানবী সা:-এর জীবন ও আদর্শের চর্চা আরো বিস্তৃত করতে হবে। সীরাতের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে মানুষের প্রতি দায়িত্ববোধ, সহমর্মিতা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। এর মধ্য দিয়েই একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সিলেটের সভাপতি প্রফেসর ডা: ফজলুর রহিম কায়সারের সভাপতিত্বে এবং ডা: মোহাম্মদ সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত কনফারেন্সে মহানবী সা:-এর সীরাত, তাঁর আদর্শ, মানবিক মূল্যবোধ ও জীবনাদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডা: ইসমাইল পাটোয়ারী, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা: আবুল হাসেম চৌধুরী এবং সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: জাহিদ হোসেন।

ডা: আলী আশরাফের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন এনডিএফ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা: খালেদ মাহমুদ।

কনফারেন্সে সীরাত বিষয়ে জ্ঞানচর্চা এবং তরুণ প্রজন্মের মধ্যে রাসূল সা:-এর জীবন ও আদর্শ সম্পর্কে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে আয়োজিত ‘সীরাত কুইজ’-এর বিজয়ীদের মধ্যে ট্যাবসহ ১০টি পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।