সংবাদ প্রকাশের জের

২৪ দিন ধরে কারাগারে সাংবাদিক

Printed Edition

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে জমি-সংক্রান্ত সংঘর্ষের সংবাদ প্রকাশের পর চাঁদাবাজির মামলায় জড়িয়ে দিয়ে ২৪ দিন ধরে কারাগারে রয়েছেন স্থানীয় সাংবাদিক খায়রুল ইসলাম ফকির (৪০)। পরিবারের দাবি, পেশাগত দায়িত্ব পালন করায় প্রতিহিংসাবশত তাকে মামলায় আসামি করা হয়েছে।

খায়রুল ইসলাম ফকির হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মৃত নূরু মিয়ার ছেলে। তিনি একটি স্থানীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টাল ‘নয়া সংবাদ’-এর হোসেনপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ গোবিন্দপুর গ্রামে প্রবাসী আসাদুজ্জামান কিরণ ও নজরুল ইসলামের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে গত ২৭ ফেব্রুয়ারি দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হন। ঘটনাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। খায়রুল ইসলাম ফকিরও অনলাইন মাধ্যমে প্রতিবেদনটি প্রকাশ করেন।

পরিবারের অভিযোগ, এ সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে প্রভাবশালী একটি পক্ষ তাকে চাঁদাবাজির মামলায় জড়ায়। গত ৫ মার্চ কিরণের পক্ষে তার বোন আনোয়ারা বেগম হোসেনপুর থানায় ভাঙচুর, লুটপাট, মারামারি ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। এতে প্রধান আসামি করা হয় সাংবাদিক খায়রুল ইসলাম ফকিরকে।

পরিবারটি জানায়, ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা না থাকলেও উদ্দেশ্যমূলকভাবে তাকে হয়রানি করা হচ্ছে। গত ৯ মার্চ তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। এর পর থেকে তিনি কারাগারেই আছেন।