সাইবার অপরাধ মোকাবেলায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার রোধে সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের প্রযুক্তিগত দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির। রোববার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে (পিএসসিবি) ‘সাইবার অপরাধ মামলা তদন্তসংক্রান্ত ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি)’ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ক্লাউড কম্পিউটিং ও এনক্রিপটেড যোগাযোগের মতো নতুন প্রযুক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

অপরাধীরা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে অনলাইন প্রতারণা, হ্যাকিং, তথ্য চুরি ও ডিজিটাল চাঁদাবাজির মতো অপরাধে জড়িয়ে পড়ছে। এ কারণে আধুনিক পুলিশিংয়ে তদন্ত সক্ষমতা বাড়ানো ও পুলিশিংয়ের ধরনে পরিবর্তন আনা সময়ের দাবি।

তিনি আরো উল্লেখ করেন, ১০ দিনব্যাপী এই টিওটি কোর্সে প্রশিক্ষিত ৩৩২ জন পুলিশ কর্মকর্তা পরবর্তীতে মাঠ পর্যায়ের সাইবার অপরাধের তদন্তকারীদের প্রশিক্ষণ দেবেন। এতে পুলিশের দক্ষ তদন্তকারীর সংখ্যা বহুগুণ বৃদ্ধি পাবে।

পিএসসিবির রেক্টর কাজী মো: ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সিআইডি প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাইবার অপরাধ তদন্ত প্রশিক্ষণ রোডম্যাপ ও বাস্তবায়ন কৌশল উপস্থাপন করেন অতিরিক্ত ডিআইজি ড. মোছা: শেহেলা পারভীন।