লোহাগড়ায় বিএনপি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা
Printed Edition
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কলাগাছি-রায়গ্রাম এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি অফিস, একটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ একাধিক বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকালে নোয়াগ্রাম কলাগাছি বাজারে সবুজ সরদারের ছেলে সাকিব সরদারের সাথে স্থানীয় আওয়ামী লীগ কর্মী করিম শেখের বাগি¦তণ্ডা হয়। এ ঘটনার জের ধরে নোয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে সঙ্ঘবদ্ধভাবে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা উত্তম সাহা, সমীর ঘোষ, আলাউদ্দিন মোল্যা, মাহাবুর মোল্যা, সাহাবুর, কামাল শেখ, গফফার শেখসহ ২৫-৩০ জনের একটি দল কলাগাছি বাজারে অবস্থিত স্থানীয় বিএনপির অফিসে ভাঙচুর চালায়। এ সময় সাকিব সরদার (১৯) নামে এক শিক্ষার্থীকে মারধর করা হয়।
এরপর হামলাকারীরা আর কে কে জনতা মাধ্যমিক বিদ্যালয়ে প্রবেশ করে নিরাপত্তাকর্মী হাবিবুর রহমান ও অফিস সহায়ক হেলাল উদ্দিনের ওপর চড়াও হয়। পরিস্থিতি বেগতিক দেখে তারা বিদ্যালয় ভবনের ভেতরে আশ্রয় নেন। এ সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে।
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা সাবু সরদার বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী পরিকল্পিতভাবে বিএনপি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা ও ভাঙচুর করেছে। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’ অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা সমীর ঘোষ ও উত্তম সাহার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। তবে করিম শেখ দাবি করেন, ঘটনাটি তুচ্ছ এবং এর সাথে রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নেই। লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।