গোয়ালন্দ বাজারে পুড়ে গেছে পাঁচ কোটি টাকার মালামাল
Printed Edition
গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে গত মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে একটি মার্কেটের তিনটি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। গোয়ালন্দ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- মো: খোকন মণ্ডল, মো: হারুন অর রশিদ ও মো: লুৎফর রহমান। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে কেউ কিছু বলতে পারেনি। তবে স্থানীয়দের ধারণা বিদ্যুতের গোলযোগের কারণে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে।
স্থানীয়রা আরো জানান, গোয়ালন্দ বাজারের মো: খোকন মণ্ডলের কোকারিজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে আরো দু’টি দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় পুরো বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। এরপর খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে রাজবাড়ী থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগদেয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ভয়াবহতায় বাজারে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী ব্যবসায়ীরা তাদের দোকান থেকে দ্রুত মালামাল সরিয়ে নেয়ার চেষ্টা করেন।