সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী
Printed Edition
বাসস
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম মালিকদের সাথে আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে সাংবাদিকদের ওয়েজবোর্ড ও সুনির্দিষ্ট বেতন কাঠামো নিশ্চিতে কাজ করছে সরকার।
যখন এটি নিশ্চিত করতে পারব, তখনই আপনাদের সম্মানজনক বেতন ও মর্যাদা আমরা নিশ্চিত করতে পারব। গতকাল রাজধানীর বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ফটো সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম।
এ ছাড়াও মতবিনিময় সভায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল), তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা ইয়াকুব আলী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি মুরসালিন নোমানী, ডিইউজে সহসভাপতি রাশেদুল হক ও যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদারসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম যদি একটা শিল্প জগৎ হয়ে থাকে, তাহলে এই শিল্পে অবশ্যই তার নিয়োগ পদ্ধতি হতে হবে আইনানুযায়ী। যিনি ইনভেস্ট করবেন, তার ইনভেস্টমেন্টকে পাহারা দেয়া বা লাভজনক করার দায়িত্ব যেমন তার, তেমনি সেখানে কর্মীদের অধিকার নিশ্চিত করাও জরুরি। আমরা ধীরে ধীরে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছাব।
ফটো সাংবাদিকতার গুরুত্ব ও প্রযুক্তির চ্যালেঞ্জ প্রসঙ্গে মন্ত্রী বলেন, একজন সাংবাদিকের কলম এবং ফটো সাংবাদিকের একটি ক্যামেরাই ছিল পেশাগত দায়িত্ব পালনের উপকরণ। কিন্তু আজকের প্রযুক্তির বিবর্তনে একটি ডিভাইস এখন টেলিভিশন, রেডিও, ক্যামেরা ও কম্পিউটারের কাজ করছে। এই গতির সাথে তাল মিলিয়ে ফটো সাংবাদিকদের দক্ষ হতে হবে।
সভায় ফটো সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ ও অ্যাসোসিয়েশনের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।