বিশ্বকাপের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

টি-২০ বিশ্বকাপে আগের দিন অস্ট্রেলিয়ার বিপক্ষে বিধ্বংসী সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা। গতকাল কানাডার ১৯ বছর বয়সী ওপেনার যুবরাজ সামরা নিউজিল্যান্ডের বিপক্ষে করলেন ৫৮ বলে সেঞ্চুরি। এর মাধ্যমে তিনি টি-২০ বিশ্ব¦কাপের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বনে গেলেন। এটাই টি-২০ বিশ্বকাপে আইসিসির কোনো সহযোগী সদস্য দেশের ক্রিকেটারের প্রথম সেঞ্চুরি।

এ প্রথম বিশ্বকাপ খেলছেন যুবরাজ। ফিফটি করেছেন ৩৬ বলে, যা টুর্নামেন্ট ইতিহাসে সবচেয়ে কম বয়সে হাফ-সেঞ্চুরির রেকর্ড। এখানেই থামেননি। ম্যাট হেনরি ও কাইল জেমিসনদের চোখে চোখ রেখে ৫৮ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ ওভারের দ্বিতীয় বলে আউট হওয়ার আগে খেলেন ৬৫ বলে ১১০ রানের ইনিংস। যুবরাজের ইনিংসে ছিল ১১টি চার এবং ছয়টি ছক্কার মার, যার একটি আবার টুর্নামেন্টের ইতিহাসের ৪০০তম ছক্কা হয়েছে।

যুবরাজ ছাড়া আর কেউ পঞ্চাশের ঘরেও যেতে পারননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক দিলপ্রিত। ওপেনিং পজিশনে যুবরাজ আর দিলপ্রিতের জুটিতে ১১৬ রান হয়। পরের ব্যাটাররা বড় স্কোর করতে না পারায় ২০ ওভারে ৪ উইকেটে ১৭৩ রান তোলে কানাডা। রাচিন রবীন্দ্র এবং গ্লেন ফিলিপসের ৭৩ বলে অবিচ্ছিন্ন ১৪৬ রানের জুটিতে মাত্র ১৫.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা। রাচিন ৩৯ বলে ৫৯* আর ফিলিপস ৩৬ বলে ৭৬* রানের বিস্ফোরক ইনিংস খেলেন। এতে জয় ৮ উইকেটের।