কোটবাজার ও কুতুপালংয়ে ডিভাইডারেও কমছে না যানজট

Printed Edition

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্টেশন কোটবাজার, উখিয়া সদর ও কুতুপালং এলাকায় যানজট নিরসনে সড়ক ডিভাইডার বসানো হলেও বাস্তবে সড়কে শৃঙ্খলা ফিরছে না। বিশেষ করে কোটবাজার ও কুতুপালং স্টেশনে যানবাহন চলাচলে অনিয়ম ও ট্রাফিক আইন অমান্যের কারণে প্রায়ই তীব্র যানজট ও দুর্ঘটনা ঘটছে। উখিয়া সদর স্টেশনে তুলনামূলকভাবে চালকদের সুশৃঙ্খল চলাচল লক্ষ্য করা গেলেও কোটবাজার ও কুতুপালংয়ে চিত্র সম্পূর্ণ ভিন্ন। সেখানে প্রতিযোগিতার মানসিকতায় ওভারটেকিং, ভুল লেনে গাড়ি চালানো এবং অনিয়ন্ত্রিত পার্কিংয়ের কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কোটবাজার স্টেশনের অবস্থা সবচেয়ে নাজুক বলে অভিযোগ স্থানীয়দের। ফিটনেসবিহীন যানবাহন, বেপরোয়া চালনা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবে সেখানে নিত্যদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। যাত্রী কবির আহমদ বলেন, কোটবাজার ও কুতুপালং স্টেশনে টমটমের দৌরাত্ম্যে বাস, সিএনজি ও অন্যান্য যানবাহনের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এতে যাত্রীদের দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকতে হচ্ছে। স্থানীয়রা অবিলম্বে ট্রাফিক পুলিশের কার্যকর ভূমিকা নিশ্চিত করা, অবৈধ দখল উচ্ছেদ এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, এসব উদ্যোগ নেয়া না হলে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে দুর্ঘটনা ও ভোগান্তি আরো বাড়বে। কুতুপালং এলাকার বাসিন্দা মুজিব বলেন, স্টেশনের এক জনপ্রতিনিধি ও উপইজারাদারের অতিমুনাফা লোভের কারণে ফুটপাথ দখল হয়ে গেছে। ফলে পথচারী, স্কুলগামী শিক্ষার্থী ও রোগী নিয়ে চলাচলকারী মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। ব্যবসায়ী ইসমাইল জানান, পুরোবাজার এলাকা কার্যত একটি প্রভাবশালী মহলের নিয়ন্ত্রণে চলে গেছে। এ কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা প্রতিবাদ করতেও ভয় পাচ্ছেন।