পরিবারের দাবি দলীয় কোন্দল
মুরাদনগরে আ’লীগ নেতা আনোয়ার মেম্বার গণপিটুনিতে নিহত
Printed Edition
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংগরা থানার উত্তর পেন্নাই গ্রামে শনিবার দিবাগত রাতে গণপিটুনিতে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন ওরফে আনোয়ার মেম্বার নিহত হয়েছেন। দীর্ঘদিন পলাতক থাকার পর ওই দিন রাতে দলবল নিয়ে গ্রামে ঢুকলে এলাকাবাসীর ধাওয়া ও গণপিটুনিতে তার মৃত্যু হয়। তবে নিহতের পরিবারের দাবি, চাঁদার টাকা না পেয়ে দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জেরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের ঘনিষ্ঠ আনোয়ার মেম্বারের বিরুদ্ধে এলাকায় অবৈধ ড্রেজার পরিচালনা, জমি দখল ও চাঁদাবাজিসহ ছয়টি মামলা রয়েছে। ২০২৩ সালে সহকারী কমিশনারের (ভূমি) গাড়িতে হামলার অভিযোগও ছিল তার বিরুদ্ধে। ২০২৪ সালের নির্বাচনের পর এবং ৫ আগস্টের সরকার পরিবর্তনের পর থেকে তিনি এলাকাছাড়া ছিলেন। শনিবার দিবাগত রাতে তিনি অনুসারীদের নিয়ে গ্রামে প্রবেশ করলে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে।
উত্তর পেন্নাই গ্রামের বাসিন্দা লাক মিয়ার ভাষ্য, দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার এলাকাবাসী আত্মরক্ষার্থে প্রতিরোধ গড়ে তুললে গণপিটুনিতে আনোয়ার মারা যান। তবে নিহতের জামাতা শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের জাহাঙ্গীর গ্রুপের স্থানীয় নেতারা ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে তার শ্বশুরকে পিটিয়ে হত্যা করেছে। এই ঘটনায় দলীয় কোন্দলকেই তিনি দায়ী করেন।
বাংগরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, আনোয়ার মেম্বার দলবল নিয়ে গ্রামে হামলা চালালে এলাকাবাসীর গণপিটুনিতে তার মৃত্যু হয়।