ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
রংপুর-৬ আসনে জাপা-আ’লীগের দুর্গে লড়াই হবে জামায়াত-বিএনপির
Printed Edition
আব্দুল হাকিম ডালিম পীরগঞ্জ (রংপুর)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এক সময় জাতীয় পার্টি এবং পরবর্তীতে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে এবার মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াত ও বিএনপির মধ্যে। এমনটাই বলছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকেরা। পার্শ¦বর্তী দিনাজপুর, গাইবান্ধা ও রংপুর জেলার দণি সীমান্তঘেঁষা এ আসনকে ঘিরে তিন জেলাজুড়েই বিরাজ করছে নির্বাচনী আমেজ।
তবে দীর্ঘদিন ধরে একক প্রভাব থাকলেও এবারের রাজনৈতিক বাস্তবতায় ভিন্ন চিত্র দেখছেন ভোটাররা। তাদের মতে, জামায়াত, বিএনপি ও ইসলামী আন্দোলনের মধ্যে ভোটের হিসাব-নিকাশে টানটান মেরুকরণ তৈরি হতে পারে। ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার তিন লাখ ৮৬ হাজার ৯৪০ জন। দীর্ঘ ১৭ বছর পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় নবীন ও প্রবীণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল হক এ আসনে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। বৈধ প্রার্থীরা হলেন বাংলাদেশ মজলিসুল মোফাসসিরীনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও রংপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আমিন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলনের মাওলানা সুলতান মাহমুদ, জাতীয় পার্টি-সমর্থিত নুর আলম মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান, সাদেকুল ইসলাম ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আবু জাফর জাহিদ।
রাজনৈতিকভাবে পীরগঞ্জকে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বলা হয়। এরশাদ মতায় আসার পর ১৯৮৬ সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আব্দুল জলিল লাঙল প্রতীকে জয়ী হন। পরবর্তীতে এরশাদ নিজে এবং পরে নুর মোহাম্মদ মণ্ডল ধারাবাহিকভাবে এ আসনে জয় পান। ২০০৮ সালে আওয়ামী লীগ-জাতীয় পার্টির মহাজোটের প্রার্থী হিসেবে শেখ হাসিনা বিজয়ী হন। তিনি আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ জয়ী হন। এরপর ২০১৩, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে ড. শিরীন শারমিন চৌধুরী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হিসেবে বিজয় লাভ করেন।
জামায়াত প্রার্থী মাওলানা নুরুল আমিন বলেন, নির্বাচিত হলে কয়লা ও লৌহখনি উত্তোলন, জ্বালানি সঙ্কট নিরসন, পর্যটনশিল্প গড়ে তোলা ও বেকারত্ব দূরীকরণে কাজ করবেন। এ দিকে বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম জানান, বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন তার অগ্রাধিকার। আর জাতীয় পার্টি-সমর্থিত নুর আলম মিয়া বলেন, জনগণের ভোটেই পীরগঞ্জে জাতীয় পার্টির দুর্গ পুনরুদ্ধার হবে।