চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে জামায়াত প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা
Printed Edition
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসকের দফতরে যাচাই-বাছাই শেষ করে এ ঘোষণা প্রদান করা হয়।
এ জেলার নির্ধারিত তিনটি আসনে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল এবং একজনের স্থগিত রাখা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থী ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ড. মিজানুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নুরুল ইসলাম বুলবুলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মোট ছয়জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। তাদের মধ্যে জাতীয় পার্টির আফজাল হোসেনের মনোনয়ন আয়কর জটিলতায় বাতিল হয়। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে খুরশিদ আলমের নাগরিকত্ব সনদে জটিলতায় মনোনয়ন বাতিল হয়। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ফজলুল ইসলাম খান ঋণ খেলাপি হওয়ার কারণে তার মনোনয়ন বাতিল হয়। এ ছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী মনিরুল ইসলামের মনোনয়নে স্বাক্ষর এবং কিছু তথ্যাদি না থাকায় সেটি স্থগিত ঘোষণা করা হয়েছে।