মানিক সাহা হত্যার পুনঃতদন্ত দাবি
Printed Edition
খুলনা ব্যুরো
মানিক সাহাসহ সব সাংবাদিক হত্যার পুনঃতদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন খুলনার সাংবাদিক নেতারা। গতকাল বৃহস্পতিবার খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানিক চন্দ্র সাহার ২২তম হত্যাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। তিনি ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেস ক্লাবের অদূরে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন।
সকালে খুলনা প্রেস ক্লাবের মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক স্মরণসভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন ক্লাবের নির্বাহী সদস্য কৌশিক দে। বক্তৃতা করেন খুলনা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মো: মিজানুর রহমান মিলটন ও আশরাফুল ইসলাম নূর, প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহার ছোট ভাই প্রদীপ সাহা, ক্লাব সদস্য মো: রাশিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক রানা, বাপ্পী খান, মো: হেদায়েৎ হোসেন মোল্লা, এস এম নূর হাসান জনি ও প্রবীর কুমার বিশ্বাস। খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) অনুরূপ কর্মসূচি পালন করে।
এর আগে খুলনা প্রেস ক্লাবের নেতারা ক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।