থানায় অভিযোগ দিতে গিয়ে হয়রানির শিকার এক বৃদ্ধা
Printed Edition
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার হোমনা থানায় লিখিত অভিযোগ দিতে গিয়ে উল্টো থানার ছাদে জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন সামফুলের নেছা (৭৮) নামে এক বৃদ্ধা। এসআই তাপস কুমার সরকারের এ আচরণ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী বৃদ্ধা গত ৩ মে থানায় দায়ের করা অভিযোগে কয়েকজন স্বজনের বিরুদ্ধে মারধর, চুল ধরে টেনে ফেলে দেয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ আনেন। তিনি দাবি করেন, ২ মে সকালে হামলার ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাও নেন। তবে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ না করে তদন্তের দায়িত্ব দেয়া হয় এসআই তাপসকে।
গত সোমবার সন্ধ্যায় তদন্তের নামে ওই বৃদ্ধাকে থানার চারতলার ছাদে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এসআই তাপস ছাদের ওপর বসে ধূমপান করতে করতে বৃদ্ধাকে প্রশ্ন করছেন। এ সময় সেখানে কোনো নারী পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন না। বিষয়টি পুলিশি শিষ্টাচার ও ভুক্তভোগীর মর্যাদার পরিপন্থী বলে মনে করছেন সচেতন মহল।
ভুক্তভোগী সামফুলের নেছা অভিযোগ করেন, তাকে ভালো আচরণ করা হয়নি এবং মানসিকভাবে হেনস্তা করা হয়েছে।
এ ঘটনায় হোমনা থানার ওসি টমাস বড়–য়া বলেন, এসআই তাপসের আচরণ সম্পূর্ণ অপেশাদার এবং এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে।
হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল করিম জানান, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। তবে অভিযুক্ত এসআই তাপস কুমার সরকারের বক্তব্য পাওয়া যায়নি।