একজন দেশপ্রেমিক ও গণতান্ত্রিক অভিভাবককে হারালাম : ড. কামাল
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার শোকসন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। মঙ্গলবার এক শোকবার্তায় তিনি বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা একজন দেশপ্রেমিক ও গণতান্ত্রিক অভিভাবককে হারালাম। দেশের ইতিহাসে গণতান্ত্রিক সংগ্রামে তিনি এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন।
শোকবার্তায় ড. কামাল হোসেন আরো বলেন, বেগম খালেদা জিয়া এক দুঃসময়ে দলের হাল ধরেন এবং তার সুযোগ্য নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ ও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন, তিন জোটের রূপরেখা প্রণয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার আপসহীন নেতৃত্ব জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। দেশে সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা, গণতান্ত্রিক আন্দোলনে বহুবার কারাবরণ ও অন্যায়ের সাথে আপস না করার যে উজ্জ্বল দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন, তা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় আরো বলা হয়, বিগত সরকারের সময় তার প্রতি যে সীমাহীন জুলুম, নির্যাতন ও তাচ্ছিল্য করা হয়েছে, তা দেশের মানুষ কখনো গ্রহণ করেনি; বরং তিনি জনগণের আকাক্সক্ষার মূর্ত প্রতীক হয়ে উঠেছেন।