পাল্টাপাল্টি অভিযোগ
নারায়ণগঞ্জ সওজের উচ্ছেদ অভিযান
Printed Edition
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথের (সওজ) সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপদ বিভাগের প্রায় ৫০ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করা হয়েছে। তবে উচ্ছেদ অভিযান নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে।
একটি পক্ষ অভিযোগ করেছেন, সওজের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় হঠাৎ গজিয়ে উঠা লাব্বাইক বাস-ট্রাক মালিক সমিতিকে সওজের জমি ভোগ দখল দিতে এ অভিযান চালানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, যাদের দখল অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে, কেবল তাদেরই উচ্ছেদ করা হয়েছে। বৈধ দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। অভিযান বিভিন্ন টিনসেডের ঘর, দোকানপাট, কারখানা ও গোডাউন ছিল। আমাদের জায়গায় কিছু গাড়ি রাখা ছিল, সেগুলো আমরা সরিয়ে দিয়েছি।
নারায়ণগঞ্জ সওজের দায়ের করা নথিপত্রে দেখা গেছে, সাইনবোর্ড ট্রাক মালিক কল্যাণ সমিতির সভাপতি পরিচয় দিয়ে জনৈক এম এ হাছান সাইনবোর্ড এলাকায় ১ একর (এক শ’ কাঠা) সরকারি জমি (যার বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা) ব্যবহারের জন্য সওজের কাছে লিখিত আবেদন করেন। এম এ হাছান মূলত সরকারি জমি ভোগের নামে দখলের উদ্দেশ্যে সওজকে ব্যবহার করে উচ্ছেদ কাজের মদদ দিয়েছে। উচ্ছেদ হওয়া মনির স্টোরের মালিক মনির বলেন, ‘এলএ ৬৭-৬৮/১৪ নম্বর সরকারি এই ভূমি উচ্ছেদ করা হলেও এই জায়গার লিজের মেয়াদ এখনো রয়েছে এবং এ বিষয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। তিনি আরো বলেন, উভয়েরই হাইকোর্টে রিট থাকলেও পারিজাতের দখলে থাকা জমি উদ্ধার করা হয়েছে, অথচ ভারটেক্সের জমি উচ্ছেদ হয়নি, যা বোধগম্য নয়। অভিযান পরিচালনাকারী সড়ক ও জনপদ অধিদফতরের স্টেট অফিসার মো: আশফাকুল হক চৌধুরী জানান, সড়ক ও জনপথের জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা, বাস কাউন্টার, বাসের গ্যারেজ এবং তৈরী পোশাকের কারখানা ও গোডাউনসহ অন্তত অর্ধশতাধিক স্থাপনা বুল্ডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।