শিক্ষিত, নৈতিক ও দক্ষ মানবসম্পদই জাতির সবচেয়ে বড় শক্তি : ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
একটি জাতির উন্নয়নের সবচেয়ে বড় শক্তি শিক্ষিত, নৈতিক ও দক্ষ মানবসম্পদ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি এবং পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
গতকাল শুক্রবার সকালে বাউফল উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখার উদ্যোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, তরুণ প্রজন্মকে মেধা, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ করে গড়ে তুলতে পারলেই একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনুসরণ করে অন্য শিক্ষার্থীদেরও এগিয়ে যেতে হবে। একই সাথে পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরও মেধাবী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখার সভাপতি মো: আরিফুর রহমান সভাপতিত্ব করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আতিকুল ইসলাম, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি কে এম তামিম, জেলা সেক্রেটারি আমিনুল ইসলাম সোহেল, সাবেক জেলা সভাপতি রাকিবুল ইসলাম নুর এবং বাউফল উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি লিমন হোসেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক, সুধীজন এবং ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও উপহারসামগ্রী তুলে দেয়া হয়।