টাঙ্গাইলের আ’লীগ নেতা হিমু জাতীয় পার্টির কাণ্ডারী
Printed Edition
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি তারেক শামস খান ওরফে হিমু। জেলা প্রশাসকের কার্যালয়ে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে বৈধতা পাওয়ার মধ্য দিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছেন তিনি। একসময় দাপটের সাথে আওয়ামী লীগের রাজনীতি করলেও এখন তিনি জাতীয় পার্টির হয়ে নির্বাচনী মাঠে নামছেন।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্য নেতাকর্মীর মতো তারেক শামস খান আত্মগোপনে চলে যান। এ সময় নাগরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের একটি মিছিলে হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি আন্দালিভ রহমানের সাথে বিভিন্ন কর্মসূচির ছবি ছড়িয়ে পড়লে তার দলবদলের বিষয়টি সামনে আসে। ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর আন্দালিভ রহমান স্বাক্ষরিত প্রত্যয়নপত্রে তারেক শামসের বিজেপিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে উল্লেখ করা হয়, তিনি ওই বছরের ১ ফেব্রুয়ারি থেকে দলটির সক্রিয় সদস্য।
তারেক শামস খান বলেন, আওয়ামী লীগ তার সাথে অবিচার করেছে এবং দলীয় রাজনীতিতে তাকে কোণঠাসা করা হয়েছিল। তবে জেলা আওয়ামী লীগের একাধিক সূত্র দাবি করেছে, তাকে দলীয় পদ থেকে অপসারণ করা হয়নি; তিনি এখনো সহসভাপতি পদে বহাল রয়েছেন। বিষয়টি স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।