নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতাকে সর্বাত্মক সমর্থন দেয়া হবে

জাতিসঙ্ঘের মুখপাত্র

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশের জনগণ যাতে তাদের রাজনৈতিক আকাক্সক্ষা অবাধে প্রকাশ করতে পারে, সেজন্য নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতাকে জাতিসঙ্ঘ সর্বাত্মকভাবে সমর্থন দেবে।

গতকাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সদর দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বিশ্বসংস্থার মুখপাত্র স্টিফেন ডুজারেক এ কথা জানান। তাকে প্রশ্ন করা হয়েছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর নিজ দেশে ফিরে এসেছেন। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে তার ফিরে আসাটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন?

জবাবে ডুজারেক বলেন, আমি সংবাদ মূল্যায়ন করি না। সাংবাদিকরাই সংবাদ মূল্যায়ন করবেন। তবে বাংলাদেশের জনগণ যাতে তাদের রাজনৈতিক আকাক্সক্ষা অবাধে প্রকাশ করতে পারে, সেজন্য নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতাকে আমরা সম্ভব সব ধরনের সমর্থন দেব।

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতিসঙ্ঘ পর্যবেক্ষক দল পাঠাবে কি না- জানতে চাওয়া হলে মুখপাত্র বলেন, না, আমরা পাঠাবো না। সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট ছাড়া জাতিসঙ্ঘ নিজ উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না। তবে জাতিসঙ্ঘের বাংলাদেশ কান্ট্রি অফিস কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কি না সে বিষয়ে খোঁজ নেয়া যেতে পারে। নির্বাচনকে কেন্দ্র করে আমরা সাধারণত এ ধরনের সহায়তা দিয়ে থাকি।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সম্পর্ক প্রতিক্রিয়া জানতে চাইলে ডুজারেক বলেন, আমরা তার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানাই।