সোমালিয়ায় ইসরাইলি হস্তক্ষেপে ক্ষুব্ধ প্রেসিডেন্ট হাসান শেখ

Printed Edition
onno-1
হাসান শেখ মোহাম্মদ

আলজাজিরা

সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ ইসরাইলের হস্তক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ইসরাইলের বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়া দেশটিতে অস্থিতিশীলতা বাড়িয়েছে এবং আন্তর্জাতিক শৃঙ্খলাকে দুর্বল করেছে।

শনিবার আল জাজিরায় দেয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ জানান, সোমালিয়া কখনোই সোমালিল্যান্ডে ইসরাইলি ঘাঁটি স্থাপন করতে দেবে না এবং এমন উদ্যোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। তিনি সতর্ক করে বলেন, প্রস্তাবিত ইসরাইলি ঘাঁটি প্রতিবেশী দেশগুলোতে হামলার জন্য ব্যবহার হতে পারে। গত ডিসেম্বর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়ার পর আঞ্চলিকভাবে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সোমালিয়া এ পদক্ষেপকে তাদের ভৌগোলিক অখণ্ডতার ওপর আঘাত হিসেবে নিন্দা জানিয়েছে এবং স্বীকৃতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। অন্য দিকে সোমালিল্যান্ডের নেতা আবদুর রহমান মোহাম্মদ আবদুল্লাহ (সিরো) ইসরাইলের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং নেতানিয়াহুকে আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রচেষ্টার জন্য প্রশংসা করেছেন।

সাক্ষাৎকারে মোহাম্মদ বলেন, ইসরাইলের এ কূটনৈতিক পদক্ষেপ বেপরোয়া, ভুল এবং আন্তর্জাতিক আইনে অবৈধ। তিনি প্রতিশ্রুতি দেন, সোমালিয়া যেকোনো ইসরাইলি সামরিক উপস্থিতির বিরুদ্ধে লড়বে। তিনি আরো বলেন, ইসরাইলের গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা এবং সোমালিল্যান্ডে তাদের পদক্ষেপ একই সূত্রে গাঁথা, যা বৈশ্বিক শাসনব্যবস্থার ভিত্তিকে দুর্বল করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো এখন গুরুতর হুমকির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র এখনো সোমালিল্যান্ড ইস্যুতে বড় কোনো অবস্থান নেয়নি। তবে গত আগস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সোমালিল্যান্ড প্রসঙ্গে মন্তব্য করেন যে বিষয়টি জটিল হলেও তারা এ নিয়ে কাজ করছে।