কোয়ান্টামের সম্মাননা পেলেন ৩ শতাধিক স্বেচ্ছায় রক্তদাতা

Printed Edition
back-4
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কোয়ান্টমের রক্তদান সম্মাননা অনুষ্ঠানে অতিথিরা : নয়া দিগন্ত

স্বেচ্ছাসেবী সংঘ কোয়ান্টাম ফাউন্ডেশন কমপক্ষে তিনবার, ১০ বার, ২৫ বার এবং ৫০ বার রক্ত দান করেছেন এমন তিন শতাধিক স্বেচ্ছায় রক্তদাতাকে সম্মাননা জানিয়েছে।

বুধবার গতকাল সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে কোয়ান্টাম আয়োজিত স্বেচ্ছায় রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির ভিসি অধ্যাপক ড. এ বি এম সারকৃত আলী। অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদাতাদের উদ্বুদ্ধ করতে প্রধান অতিথি রক্তদাতাদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও মেডেল তুলে দেন।

এ সময় রক্তদানের অনুভূতির কথা জানান ‘ও’ পজেটিভ গ্রুপের ২৬ বারের রক্তদাতা মো: আহসানুল হক ফাহিম এবং দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুভূতি প্রকাশ করেন থ্যালাসেমিয়া আক্রান্ত নিয়মিত রক্তগ্রহীতা রাকিবুল ইসলাম রুশো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়ান্টাম ফাউন্ডেশন স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের পরিচালক মোটিভেশন এম রেজাউল হাসান। স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের কো-অর্ডিনেটর ডা: মনিরুজ্জামান। অনুষ্ঠানে কোয়ান্টাম ল্যাবের পক্ষ থেকে সব স্বেচ্ছায় রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান আলোচকরা। স্বেচ্ছায় রক্তদাতাদের কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি দেশে রক্তচাহিদা পুরোপুরি মেটাতে তরুণ স্বেচ্ছায় রক্তদাতাদের মানবিক এ সেবায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।