নতুন বছরে যেমন ভাবনা কণার

Printed Edition
bino-3
নতুন বছরে যেমন ভাবনা কণার

বিনোদন প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এই সময়ে এসে এই প্রজন্মের শিল্পীদের মধ্যে জনপ্রিয়তা, দর্শকপ্রিয়তা এবং আলোচনায় শীর্ষে যিনি চলে এসেছেন তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কণা। মিষ্টি কণ্ঠের গায়িকা কণা এই সময়ে এসে আলোচনায় রয়েছেন বিশেষত ‘দুষ্টু কোকিল’ গানটি দিয়ে। এই গানের জন্য স্টেজ শোতে তার ব্যস্ততা বেড়েছে আগের তুলনায় অনেক বেশি। এরই মধ্যে ব্যক্তি জীবনও বদলে গেছে। তবে তা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত নন তিনি। আবার আগামীতে কী করবেন না করবেন তা নিয়েও তার তেমন কোনোই পরিকল্পনা নেই। তবে ২০২৬ সালটায় তার ভাবনার জায়গায় এসেছে কিছুটা পরিবর্তন। কণা বলেন, ‘২০২৬-এর শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে থাকুন। সত্যি বলতে কী পরিকল্পনা করে আমার কখনো কাজ করা হয় না, এগিয়ে যাওয়া হয় না। কারণ পরিকল্পনার বাইরেও অনেক কিছু হয়। তবে যে কাজই আসুক, আমি তা ঠিকঠাক মতো করার চেষ্টা করি। হোক সেটি নতুন গান, টিভি শো, স্টেজ-শো, প্লেব্যাক কিংবা জিঙ্গেল। আমি আমার কাজটা শতভাগ সততার সাথেই করার চেষ্টা করেছি আজীবন। আর এখন থেকে সব বিষয়ে আরো ভীষণ পজিটিভি থাকার চেষ্টা করব। মানুষ হিসেবে আরো ভালো মানুষ হওয়ার চেষ্টা করব- এটিই প্রত্যয় আমার।’ কণা, শুধু একজন শিল্পী হিসেবেই নন, একজন মানুষ হিসেবেই তিনি তার অবস্থানে থেকে নানান সময়ে মানুষের নানান বিপদাপদে এগিয়ে আসেন তিনি, যা অনেকেরই অজানা। অবশ্য এসব কাজ কণা জানিয়ে করতেও আগ্রহী নন। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্ব প্রেমিক’ সিনেমাতে গান গেয়ে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন কণা। ২০২৪ সালের জুন থেকে ২০২৫-এর পুরোটা সময়ই বলা যায় প্রতিটি দিনই ছিল কণার গানে মুখরিত। বিশেষত ‘তুফান’ সিনেমায় তার কণ্ঠের জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’ গানটি প্রকাশিত হওয়ার পরপরই রীতিমতো হইচই পড়ে যায়। রাতারাতি বেড়ে যায় কণার স্টেজ শো, আরো বেড়ে যায় তার জনপ্রিয়তা। চলে আসেন সঙ্গীতাঙ্গনে আলোচনার শীর্ষে। যদিও কণার আগেও অনেক হিট, সুপারহিট গান রয়েছে; কিন্তু ‘দুষ্টু কোকিল’ তার গানের ক্যারিয়ারের সব হিসাব-নিকাশ বদলে দিয়েছে।