পাকিস্তানের বিপক্ষে দলই নিউজিল্যান্ড সিরিজে
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
নতুন বোর্ড, নতুন সভাপতি, নতুন সিলেকশন প্যানেল। নতুনদের সামনে প্রথম অ্যাসাইনমেন্ট-নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ। একে তো বড় দল, তার ওপর ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাইয়ের হিসেব নিকেশ। এবার সেই সিরিজের স্কোয়াড ঘোষণা করল বিসিবি। নতুন নির্বাচক প্যানেল গতকাল দুপুর ১২টায় স্কোয়াড ঘোষণা করে, যা কার্যকর হবে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতা দলটাই খেলতে যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষেও। আরো একবার সুযোগ পাচ্ছেন দীর্ঘ দিন পর দলে ফেরা আফিফ হোসেন ধ্রুব।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল শনিবার দুপুরে ঘোষিত স্কোয়াডে কোনো পরিবর্তন আনেননি নির্বাচকরা। পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে যে দল খেলেছিল, সেই দলকেই রাখা হয়েছে কিউইদের বিপক্ষে লড়াইয়ের জন্য।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ধরে রাখতেই সম্ভবত একই দলকে আবারো আস্থা দেয়া হয়েছে। দলে থাকছেন নিয়মিত মুখগুলো- নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি সুযোগ পেয়েছেন আফিফ হোসেন ও সাইফ হাসানরাও। সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা আলোচনায় না থাকলেও নির্বাচকেরা তাদের ওপর আস্থা রেখেছেন।
কেন নিউজিল্যান্ড সিরিজের দলে পরিবর্তন করা হয়নি, নাঈম ইসলাম, সুমন, নাদিফ চৌধুরী, হাসিবুল হোসেন শান্তর নির্বাচক প্যানেল দল ঘোষণার পর এই প্রশ্নটা উঠেছে। সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান নির্বাচক বলেন, ‘অবশ্যই। আমরা যখন দলটা দেখেছি, আমাদের সবশেষ সিরিজটা (পাকিস্তান সিরিজ) বেশ সফল হয়েছিল। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে। সেখানে কিছু খেলোয়াড় হয়তো একাদশে সুযোগ পাননি। আবার কিছু ক্রিকেটার নতুন এসেছেন। আমাদের পলিসি হলো যখন কেউ আসবে, তাকে যেন পর্যাপ্ত সুযোগ দিতে পারি।’
এ দিকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলমান থাকায় দল নির্বাচন নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। কিউই সিরিজে খেলতে পাঁচ ক্রিকেটারকে মাঝপথে পিএসএল ছেড়ে দেশে ফিরতে হচ্ছে। তারা হলেন- তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম। আজ ১২ এপ্রিল পর্যন্ত তাদের এনওসির মেয়াদ আছে ।
তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলতে আগামীকাল বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড দল। ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল মিরপুরের শেরোবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২০ এপ্রিল হবে দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ওয়ানডে ২৩ এপ্রিল চট্টগ্রামে হওয়ার কথা রয়েছে। এরপর টি-২০ সিরিজের প্রথম দু’টি ম্যাচ ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে এবং সিরিজের শেষ ম্যাচটি ২ মে ফের মিরপুরে অনুষ্ঠিত হবে। জ্বালানি সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে সিরিজের ম্যাচগুলো বেলা ৩টার পরিবর্তে বেলা ১১টায় আনা হয়েছে।
টপ অর্ডারে সাইফ হাসান আস্থার প্রতিদান দিতে পারছেন না ওয়ানডেতে। তবে তিনিও আছেন এই সিরিজের দলে। যদিও ওপেনিংয়ে সৌম্য সরকারের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। মাহিদুল ইসলাম অঙ্কনও আছেন স্কোয়াডে।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, সৌম্য সরকার, সাইফ হাসান, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম ও তাসকিন আহমেদ।
শান্ত সহ-অধিনায়ক
কিছু দিন আগে তিনি ছিলেন অধিনায়ক। নেতৃত্ব থেকে সরানোর প্রক্রিয়া নিয়েও ছিল অসন্তোষ। সেই নাজমুল হোসেন শান্তকে এবার ওয়ানডে দলের সহ-অধিনায়ক করা হয়েছে। অধিনায়কত্ব থেকে সরানোয় যিনি নাখোশ ছিলেন, সহ-অধিনায়ক করার ক্ষেত্রে আপত্তি থাকা অস্বাভাবিক নয়। তবে নির্বাচকরা জানালেন, বোর্ড সবার সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘আমি পেছনে তাকাতে চাই না। আগে যারা কাজ করেছেন, নিশ্চয়ই কোনো পরিকল্পনা নিয়েই করেছেন। আমরা সবার সাথেই আলোচনা করেছি।’
তিনি যোগ করেন, ‘ক্যাপ্টেন্সি বোর্ড ঠিক করে। মিরাজ যেহেতু বিশ্বকাপ পর্যন্ত ক্যাপ্টেন, তার সাথে অবশ্যই আলাপ করেছি। পরবর্তীতে যে টি-২০ ফরম্যাটের খেলা হবে, এখনও স্কোয়াড দিচ্ছি না তবে তার সাথেও আলাপ করেছি দল করার আগে। এমন না যে সবসময় আমাদের মতের মিল হবে। সবসময় দ্বিমত হবে এমনও না। তবে অবশ্যই আলাপ করব। ২-৩ বার আমরা বসেছি ফাইনাল করার আগে। মূল প্রায়োরিটি তো ক্যাপ্টেন। তা ছাড়া দু-একজনের সাথেও কথা হয়েছে।’
শান্তর পারফরম্যান্স নিয়ে বাশারের কথা, ‘শান্ত কিন্তু আমাদের অন্যতম সেরা ব্যাটার, যাকে বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা করে থাকি। সে সে তেমন টাচে নেই। তবে অতীতে অনেক ভালো ইনিংস আছে তার। আমরা আরো ভালো পারফরম্যান্স আশা করি।’
২০০ টাকায় বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে দর্শকদের জন্য টিকিটমূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় মাঠে বসে খেলা দেখা যাবে। সিরিজের টিকিট পাওয়া যাবে তাদের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে। এবারই প্রথম মিরপুর ও চট্টগ্রাম-দুই ভেনুর টিকিটমূল্য একসাথে প্রকাশ করা হয়েছে।
মিরপুরে গ্র্যান্ডস্ট্যান্ড দুই হাজার ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি ও লাউঞ্জ এক হাজার ৫০০ টাকা, ক্লাব হাউজ ৬০০, সাধারণ গ্যালারি ৪০০ ও সর্বনিম্ন ২০০ টাকায় ইস্টার্ন গ্যালারিতে খেলা দেখা যাবে। চট্টগ্রামেও একইভাবে সর্বোচ্চ দুই হাজার ৫০০ টাকা গ্র্যান্ডস্ট্যান্ড ও রুফটপ প্যাভিলিয়নের জন্য। এ ছাড়া ৬০০ টাকায় নির্দিষ্ট স্ট্যান্ড, ৩০০ টাকায় ওয়েস্টার্ন গ্যালারি এবং ২০০ টাকায় ইস্টার্ন গ্যালারিতে দর্শকদের প্রবেশের সুযোগ থাকবে।