এ মাসে একটি ঘূর্ণিঝড় হতে পারে
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
আবহাওয়ার পরিবর্তনে বঙ্গোপসাগরও উত্তাল হতে যাচ্ছে। আবহাওয়া অফিস এ মাসে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছেন। গতকাল বৃহস্পতিবার আবহাওয়ার এক মাসের পূর্বাভাসে জানিয়েছে, চলতি এপ্রিল মাসে বঙ্গোপসাগরে একটা অথবা দুইটা লঘুচাপ সৃষ্টি হতে পারে। তা থেকে একটি লঘুচাপ নিম্নচাপে উন্নীত হতে পারে অথবা একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।
সাধারণত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত দীর্ঘ চারমাস দক্ষিণ এশিয়ার আবহাওয়ার শুষ্ক থাকে, বৃষ্টি হয় না। এর একটি প্রভাব বঙ্গোপসাগরে পড়ে থাকে। দীর্ঘদিন ধরে বঙ্গাপসাগরের উপরিস্থিত তাপমাত্রা বাড়তে থাকে অর্থাৎ উপরিস্থিত পানি উষ্ণ হয়ে উঠে। এই উষ্ণতা থেকে আন্দামান সাগরের দিকে পানির ঘূর্ণনের সৃষ্টি হয়ে থাকে। তা থেকে অনুকূল পরিবেশে এক সময় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়ে থাকে বলে আবহাওয়াবিদ মোস্তফা কামাল জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে সারা দেশে তাপ প্রবাহ শুরু হবে। এর মধ্যে ১ থেকে ৪টি মৃদু অথবা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। অন্য দিকে এ মাসে একটি থেকে দুইটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মৃদু তাপপ্রবাহ হিসেবে চিহ্নিত করা হয়।
এ ছাড়া এ মাসে বিক্ষিপ্তভাবে ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। একই সাথে বজ্র বৃষ্টিও হতে পারে। আবহাওয়া অফিস বলেছে, চলতি মাসে তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। প্রধান নদ-নদীতে স্বাভাবিক পানি প্রবাহ থাকতে পারে, বৃষ্টিপাতও স্বাভাবিক হতে পারে।