সঠিক পথেই আছে রাজশাহী : তামিম
আজ শুরু বিপিএল ঢাকা পর্ব
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
সিলেট পর্ব শেষে বিপিএলের ঢাকা পর্ব আজ থেকে শুরু। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলা ১টায় প্রথম ম্যাচে লড়বে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। ঢাকা পর্বের আগে গতকাল সংবাদ সম্মেলনে অংশ নেয় বিপিএলের চারটি দল। সেখানে ঢাকা পর্বেও ভালো করার ঘোষণা দিয়েছেন রাজশাহী ওয়ারিয়র্সের ব্যাটার তানজিদ হাসান তামিম।
রাজশাহী ওয়ারিয়র্সের ওপেনার তানজিদ হাসান তামিম গতকাল সংবাদ সম্মেলনে জানান, দল সঠিক পথেই এগোচ্ছে এবং প্রক্রিয়া অনুসরণ করে তারা কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারবে। রাজশাহী বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে এবং প্লে-অফ খেলা নিশ্চিত করেছে। আট ম্যাচে ছয় জয় নিয়ে তাদের পয়েন্ট ১২।
তামিম তার বক্তব্যে বলেন, ‘দেখুন, আমরা যে লক্ষ্য নিয়ে প্রথম থেকে এগোচ্ছিলাম, হয়তোবা একটি-দু’টি ম্যাচ অনুকূলে ছিল না। আমরা সেই নির্দিষ্ট দিনে নিজেদের দক্ষতা দেখাতে পারিনি, এ জন্য হেরেছি। তবে যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, আশা করি, আমরা যে লক্ষ্য নিয়ে এই মিশন শুরু করেছিলাম, সে দিকে ভালোভাবে এগোচ্ছি।’
তার বিশ্বাস, যদি সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হয়, তবে রাজশাহী ওয়ারিয়র্স ট্রফি জয়ের স্বপ্নপূরণ করতে সক্ষম হবে। তাই ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চান তামিম। ‘সব কিছুতে একটি প্রক্রিয়া আছে। যদি প্রথমেই চিন্তা করি, ট্রফি জিতব, তাহলে হয়তোবা হবে না। ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে, প্রতিটি ম্যাচ জিততে হবে, সামনে কোয়ালিফায়ার, জিতলে ফাইনাল। খুব ভালোভাবেই আমরা ট্রফির দিকে যাচ্ছি।’
রংপুর ঘুরে দাঁড়াবে এবং
চ্যাম্পিয়ন হবে : ফাহিম
টুর্নামেন্টের অন্যতম অভিজ্ঞ ও তারকাবহুল দল রংপুর। দুর্দান্ত সব জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করেছিল দলটি। তবে শেষ তিন ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেনি। আট ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের চারে। গুরুত্বপূর্ণ সময়ে রংপুর রাইডার্সের পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ দলের সাথে যোগ দিয়েছেন। তার অনুপস্থিতিতে দল পয়েন্ট টেবিলের শীর্ষ দুই থেকে চারে নেমে এলেও ফাহিম আশরাফ আত্মবিশ্বাসী যে রংপুর ঘুরে দাঁড়াবে এবং চ্যাম্পিয়ন হবে। ‘এখন দলকে প্লে-অফে নেয়ার চ্যালেঞ্জ। ক্রিকেট খেলায় এমন পরিস্থিতি আসতেই পারে, তবে রংপুর রাইডার্সের মতো দল যেকোনো প্রতিকূলতা থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে। এখনো ভালো অবস্থায়ই আছে। একটি ম্যাচ জিতলেই মোমেন্টাম চলে আসবে, প্লে-অফ খেলব ফাইনালেও যাবো।’
ফাহিম আশরাফ দলের জয়ে অবদান রাখতে চান। তার মতে, প্রতিটি খেলোয়াড়ই জেতার জন্য খেলে এবং দলের সম্মিলিত প্রচেষ্টাই সাফল্যের চাবিকাঠি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ব্যক্তিগত লক্ষ্য দলকে জেতানো, চ্যাম্পিয়ন বানানো।
পরের মৌসুমে চ্যাম্পিয়ন হবে
নোয়াখালী : ইহসানউল্লাহ
এবারের বিপিএলে প্রথমবারের মতো অংশ নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। টানা ছয় ম্যাচে হেরে শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। সপ্তম ম্যাচে রংপুর রাইডার্সকে এবং অষ্টম ম্যাচে ঢাকা ক্যাপিটালকে হারিয়ে কাগজে-কলমে এবং নানা সমীকরণে এখনো তাদের প্লে-অফ খেলার সুযোগ আছে। ফ্র্যাঞ্চাইজিটিকে নিয়ে আশাবাদী দলের পাকিস্তানি ফাস্ট বোলার ইহসানউল্লাহ। ঢাকা পর্ব শুরুর আগে গতকাল সংবাদ সম্মেলনে দলের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ব্যক্তিগত লক্ষ্য নিয়ে কথা বলেছেন তিনি। আস্থা রয়েছে এবার না হলেও এবং আগামী মৌসুমে চ্যাম্পিয়ন হবে নোয়াখালী এক্সপ্রেস।
তিনি বলেন, বিপিএলে ওরা মাত্র এসেছে, নতুন দল। শেষটা ভালো হবে ইনশা আল্লাহ। আর পরের আসরে আরো ভালো করবে। এই মৌসুমে চ্যাম্পিয়ন না হলে পরের মৌসুমে হবে ইনশা আল্লাহ। দলের তরুণ ক্রিকেটারদের মধ্যে শাহাদাত হোসেন দিপুকে আমার অনেক পছন্দ। দলের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন খুব বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখেন।
বর্তমানে আট ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে নোয়াখালী। সমান পয়েন্ট ঢাকা ক্যাপিটালসেরও। তবে রানরেটে এগিয়ে ঢাকা পঞ্চম স্থানে।