আল্লামা বাবুনগরীর সাথে ফটিকছড়ির জামায়াত প্রার্থীর সাক্ষাৎ

শান্তি ও সৌহার্দ্যরে রাজনীতির প্রত্যয়

Printed Edition
bangla-2
চট্টগ্রাম-২ আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন হেফাজতে ইসলামীর আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেন : নয়া দিগন্ত

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বর্ষীয়ান আলেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত শুক্রবার দুপুরে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণার সময় তিনি এই প্রবীণ আলেমের সাথে সাক্ষাৎ করে তার দোয়া ও আশীর্বাদ গ্রহণ করেন।

অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে দু’জনের মধ্যে কুশল বিনিময় হয়। আলোচনায় দেশের চলমান পরিস্থিতি, ফটিকছড়ির সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা, ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ এবং জনকল্যাণমুখী বিষয় উঠে আসে। স্থানীয় পর্যায়ে শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখার প্রয়োজনীয়তা নিয়েও তারা মতবিনিময় করেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ন্যায়পরায়ণ নেতৃত্ব ও আদর্শভিত্তিক রাজনীতির মাধ্যমেই প্রকৃত জনসেবা নিশ্চিত করা সম্ভব। পাশাপাশি শান্তি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দেশ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সাক্ষাৎ শেষে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, ফটিকছড়িকে একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও জনবান্ধব অঞ্চল হিসেবে গড়ে তুলতে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন। তিনি বলেন, একটি নৈতিকতাসম্পন্ন ও মানবিক সমাজ গঠনে আলেম-ওলামাদের পরামর্শ ও দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা ও বিশ্বাসের ওপর ভিত্তি করেই শান্তিপূর্ণ ও কল্যাণমুখী ফটিকছড়ি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্ট আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাক্ষাৎ ও আলোচনায় উভয় পক্ষই দেশ ও মানুষের কল্যাণে ইতিবাচক, দায়িত্বশীল ও শান্তিপূর্ণ ভূমিকা পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।