উচ্চগতির ওয়াইফাইর আওতায় আসবে সব বিমানবন্দর ও রেলস্টেশন
Printed Edition
বিশেষ সংবাদদাতা
দেশের সব বিমানবন্দর ও রেলস্টেশনকে উচ্চ গতিসম্পন্ন ‘ওয়াইফাই’ নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হচ্ছে। বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি বিমানবন্দর ওয়াইফাইর আওতায় থাকলেও দেশে কোনো রেলস্টেশনই এখন এই প্রযুক্তির আওতায় নেই। তাই সব বিমান ও রেলস্টেশনকে খুব শিগগরিই ওয়াইফাইর আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওয়াইফাই দেয়ার দায়িত্ব দেয়া হচ্ছে সরকারি প্রতিষ্ঠান বিটিসিএলকে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বিষয়টি নিয়ে গতকাল দুপুরে সচিবালয়ে ডাক ও টেলিযোগযোগ মন্ত্রণালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে টেলিযোগাযোগ সচিব, বিটিসিএল, টেলিটকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিমানবন্দর ও রেলস্টেশনে উচ্চ গতিসম্পন্ন ওয়াইফাই দেয়ার বিষয় নিয়ে কথা হয়েছে। এখানে বলা হয়েছে, হজরত শাহজালালসহ দেশের কয়েকটি বিমানবন্দরে সীমিত পর্যায়ে ওয়াইফাই ব্যবস্থা চালু রয়েছে। কিন্তু এসব ওয়াইফাইর গতি সন্তোষজনক নয় এবং এর লাইনও নিরবচ্ছিন্ন নয়। একইভাবে কমলাপুর রেলস্টেশনসহ দেশের কোনো রেল স্টেশন এখন পর্যন্ত পুরোটা ওয়াইফাই আওতায় নাই। এসব স্টেশনে কিছু ভিআইপি ওয়েটিং রুমে সীমিত পর্যায়ে ওয়াইফাই চালু রয়েছে। তাও গতি খুব খারাপ। এখন দেশের বিভিন্ন স্থানে বড় বড় রেলস্টেশনে আপাতত উচ্চ গতিসম্পন্ন ওয়াইফাই চালু করা হবে।
সূত্র জানায়, এখন এসব জায়গায় উচ্চ গতিসম্পন্ন ওয়াইফাই দেয়ার জন্য বিটিসিএলকে (বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড) দায়িত্ব দেয়া হয়েছে। তারা উচ্চ প্রযুক্তির অ্যান্টিনা ব্যবহার করে সব বিমানবন্দর ও রেলস্টেশনের পুরোটায় ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবে। এসব স্থানে বিভিন্ন ওয়াইফাই পাসওয়ার্ড বা কিউআর কোডের মাধ্যমে সংযোগ পাওয়া যাবে।
আগামী এক মাসের মধ্যে প্রাথমিকভাবে এটি চালু করা যায় কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্র জানায়।