জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জ্বালানি তেলের দাম কমানো এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে কুমিল্লা, নাটোর, মাগুরা ও টাঙ্গাইলে গতকাল শনিবার পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এসব কর্মসূচিতে সরকারকে দ্রুত দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জোট নেতারা।
কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লার চান্দিনায় বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। চান্দিনা পালকি সিনেমা হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, অন্যথায় জনগণ আবারো রাজপথে নেমে তা আদায় করে নেবে। এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লোকমান হাকিম ভূঁইয়াসহ জোটের নেতারা বক্তব্য দেন।
নাটোর প্রতিনিধি জানান, নাটোরে বিকেলে কেন্দ্রীয় মসজিদ থেকে ১১ দলের বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মসজিদের সামনে সমাবেশে শেষ হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার গঠনের পরও জুলাই গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। একইসাথে তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, এনসিপি ও খেলাফত মজলিসের নেতারা বক্তব্য দেন। তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানান।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলেও দুপুরে শহীদ মিনার প্রাঙ্গণে ১১ দলের সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে জেলা ১১ দলের আহ্বায়ক ও জামায়াত নেতা আহসান হাবিব মাসুদ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। দ্রুত জ্বালানি সঙ্কট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ লাঘবের কার্যকর পদক্ষেপ নিতে হবে। বক্তব্য দেন জামায়াত, এনসিপি ও খেলাফত মজলিসের জেলা নেতারা।
তিন জেলার সমাবেশ থেকেই নেতারা বলেন, দাবি বাস্তবায়নে গড়িমসি চলতে থাকলে ১১ দলীয় জোট আরো বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।
মাগুরা প্রতিনিধি জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে গতকাল শনিবার সকাল ১০টায় মাগুরা শহরের নোমানী ময়দানে সমাবেশ করেছে জামায়াত সমর্থিত ১১ দলীয় ঐক্য জোট। সমাবেশ শেষে বেলা ১১টায় শহরে গণমিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আন্দোলন আরো জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন ১১ দলীয় ঐক্য জোটের নেতা-কর্মীরা। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জামায়াতে ইসলামীর আমির এম বি বাকের, সেক্রেটারি সাঈদ আহমেদ বাচ্চু, কেন্দ্রীয় শূরা সদস্য আব্দুল মতিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি জোবায়ের হোসেন প্রমুখ।