কাজ না করলে তো আমাকে রাখবে না : রফিক

Printed Edition
khela-2
কাজ না করলে তো আমাকে রাখবে না : রফিক

ক্রীড়া প্রতিবেদক

স্পিন কোচ হিসেবে নিয়োগ পেলেও প্রয়োজনে ক্রিকেটারদের ব্যাটিংয়ের দিকটিও দেখভাল করবেন মোহাম্মদ রফিক। জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলের সাথে খেলোয়াড়ি জীবনের রসায়ন কোচিং ক্যারিয়ারেও ভূমিকা রাখবে বলে আশা তার।

রফিক বলেন, ‘ব্যাটিং কোচ যে থাকে সে যদি মনে করে, রফিক তুমি এই ব্যাটারকে ব্যাটিং নিয়েও পরামর্শ দাও। অবশ্যই দেবো। আমি বোলিং নিয়েই থাকব এমন না। ব্যাটিং নিয়েও কাজ করব, ফিল্ডিং নিয়েও কাজ করব। হাই ক্যাচ নিয়েও কাজ করব। সব বিভাগ নিয়েই কাজ করব। ক্রিকেট নিয়েই তো আমার কাজ। ঘুরে ঘুরে সব বিভাগ নিয়েই কাজ করতে চাই।’

আশরাফুলের সাথে জাতীয় দলে একসাথে খেলেছিলেন রফিক, এবার দু’জনই কোচের ভূমিকায়। অনুভূতি জানিয়ে রফিক বলেন, ‘অবশ্যই ভালো লাগে। যারা একসাথে খেলেছি, এখন কোচিংয়ে যদি এরা একসাথে কাজ করে, সবাই সবাইকে চিনি, খুব সহজভাবে কাজ হয়ে যাবে। কে কোন ডিপার্টমেন্ট এটা বিষয় নয়। আশরাফুল কি বোলিং করেনি? এখন বোলিং দেখাতে পারবে না? খালি ব্যাটিংই দেখাবে? ক্রিকেটে প্রতিটি ডিপার্টমেন্টেই প্রত্যেককে দেখানো লাগে। সৌম্য বাঁ হাতি ব্যাটার, ও কি আমার কাছে আসে না? অবশ্যই আসে, আমি ওকে টেকনিক দেখাই। আপনি যখন জানতে চাইবেন আপনাকে কারো কাছে যেতে হবে।’

তবে কাজটি সহজ হবে না বলে মনে করেন রফিক, ‘আমাকে নিয়ে তারা যেহেতু চিন্তাভাবনা করেছে নিশ্চয়ই কিছু দেয়ার আছে আমার। যে শিশুদের নিয়ে কাজ করব তাদের যেন ভালোভাবে দিতে পারি। সব কিছুই চ্যালেঞ্জ। জব তো আমাকে পারফেক্টভাবে করতে হবে। নাহলে তো আমাকে রাখবে না। যাদের নিয়ে কাজ করব ওদের কী কোয়ালিটি আছে বা কী চাচ্ছে বা আমি কী চাচ্ছি, এসব জিনিস নিয়ে কাজ হবে।’

কাদের সাথে কাজ করবেন রফিক

অনেকেরই ধারণা, জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ রফিক। যদিও সাবেক এই স্পিনার কোন দলের সাথে কাজ করবেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এবার এই ধোঁয়াশা স্পষ্ট করলেন ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। তিনি জানালেন রফিক কাজ করবেন বোর্ডের কোচ হিসেবে। সে ক্ষেত্রে জাতীয় দলের পাশাপাশি অন্যান্য দলের সাথেও কাজ করতে হতে পারে তাকে।

নাফীস বলেন, ‘রফিক ভাই বাংলাদেশের কিংবদন্তি বাঁ হাতি স্পিনার। উনাকে বিসিবি স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। উনি মূলত বোর্ডের কোচ হিসেবে কাজ করবেন, নির্দিষ্ট দল নেই। এ ব্যাপারে সবার ভুল ধারণা আছে যে উনি শুধু জাতীয় দলের জন্য কাজ করবেন।’

নাফীস আরো ক্লিয়ার করে বলেন, ‘উনার এসাইনমেন্ট হলো মেন্টর হিসেবে বিভিন্ন দলের সাথে কাজ করা। সেটি হতে পারে জাতীয় দল, অনূর্ধ্ব-১৯, এইচপি কিংবা বাংলাদেশ টাইগার্স। উনার যে সমৃদ্ধ ক্যারিয়ার ও অভিজ্ঞতা এটা তারকাদের সাথে ভাগাভাগির চেষ্টা করবেন।’