নোয়াখালীতে পুড়ল ৭ দোকান চকরিয়ায় হলুুদ ও মরিচের গুদাম

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

নোয়াখালীর সোনাইমুড়ীতে আগুনে ৭ দোকান ও কক্সবাজারের চকরিয়ায় হলুদ ও মরিচের গোডাউনে আগুনে পুড়ে গেছে। গত শুক্রবার রাতে ও শনিবার ভোর রাতে পৃথক স্থানে এ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় দুই কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা।

নোয়াখালী অফিস জানায়, শুক্রবার গভীর রাতে বজরা বাজারের রহমত উল্লার ফার্নিচার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি ফার্নিচার, একটি ওষুধ দোকানসহ ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের খবর পেয়ে আশপাশের মানুষ পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত পৌনে ৩টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকার পৌরসভার সাবেক ৪ নং ওয়াডের কমিশনার ও বিএনপি নেতা জাফর আলম কালুু কমিশনার হলুদ ও মরিচের গোডাউনে এ ভায়াবহ আগুনের সূত্রপাত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওয়ার্ড কমিশনার জানান, ভোররাতে কে বা কারা এ আগুন দিয়েছে জানি না।