দোয়ারাবাজারে সড়ক সংস্কার অসম্পূর্ণ রেখে ঠিকাদার উধাও

Printed Edition
bangla-1]
দোয়ারাবাজার সড়কের বর্তমান চিত্র : নয়া দিগন্ত

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় একটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারকাজ অসম্পূর্ণ রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান গা ঢাকা দেয়ায় দুই ইউনিয়নের শতাধিক গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এক সপ্তাহের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও প্রায় দুই সপ্তাহ পার হয়ে গেলেও কাজ সম্পন্ন না করেই ঠিকাদার এলাকা ছেড়ে চলে যান বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, গত ৯ ডিসেম্বর উপজেলা পরিষদের বাজেটের প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে বাংলাবাজার ও বোগলাবাজার হয়ে ব্রিটিশ-পাইকপাড়া পর্যন্ত সড়ক সংস্কারকাজ শুরু হয়। কাজের উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ। উপজেলা এলজিইডির তত্ত্বাবধানে কাজটি বাস্তবায়নের দায়িত্ব পান উপজেলা যুবদল নেতা ফখরুল ইসলাম। চুক্তি অনুযায়ী এক সপ্তাহের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও শুরু থেকেই কাজের মান নিয়ে প্রশ্ন ওঠে। স্থানীয়দের অভিযোগ, সড়কের খানাখন্দে রড ছাড়া ঢালাই, প্রয়োজনের তুলনায় কম সিমেন্ট ব্যবহার, অপরিষ্কার বালু এবং কোথাও বালুর পরিবর্তে মাটি দিয়ে ভরাট করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলা এলজিইডির এক কর্মকর্তার যোগসাজশে লোকচক্ষুর আড়ালে কাজ শেষ দেখানোর চেষ্টা করা হয়েছে। বাস্তবে সড়কের বিভিন্ন স্থানে এখনো খানাখন্দ ও ভাঙন রয়ে গেছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহীদের। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কাও করছেন তারা। অভিযোগ অস্বীকার করে ঠিকাদার ফখরুল ইসলাম বলেন, ‘এটি রিপেয়ারিং কাজ ছিল। ইস্টিমেট অনুযায়ী কাজ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিন কাজ পরিদর্শন করেছেন।’ এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল হামিদ বলেন, ‘সড়কে কাজ সঠিকভাবেই হয়েছে। অনিয়মের কোনো সুযোগ নেই।’