বুলবুলের অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে এত আলোচনা কেন?
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
কী একটা অবস্থা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট হয়ে যেন পাপ করেছেন আমিনুল ইসলাম বুলবুল। অস্ট্রেলিয়ায় থাকে তার পরিবার। বেশ কয়েক মাস হলো তাদের সাথে দেখা হচ্ছে না বুলবুলের। তিনি অস্ট্রেলিয়ায় পরিবারকে সময় দিতে যেতেই পারেন। অথচ তার চলন-বলন, কথা-বার্তায়, নীতিনির্ধারণে দোষের যেন কমতি নেই। একটি স্বার্থান্বেষী মহল অস্থির করে ফেলছেন দেশের ক্রিকেটাঙ্গনকে। বুলবুলের অস্ট্রেলিয়া যাওয়া নিয়েও নেতিবাচক খবর ছড়াচ্ছে। বলা হচ্ছে দেশে ছেড়েছে বুলবুল, শপথের এক দিন আগে চলে যাচ্ছেন বুলবুল কিংবা পালাচ্ছেন বুলবুল ইত্যাদি। এসব খবরে ক্রিকেট অঙ্গন ফের সরগরম।
বিসিবি সভাপতি জরুরি পারিবারিক কাজে গতকাল অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বিসিবির এক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। যাওয়ার আগে তিনি পরিচালকদের বার্তা দিয়ে গেছেন। ‘শিগগিরই দেশে ফিরবেন তিনি। মেলবোর্নে থাকে সভাপতির পরিবার। বুলবুল ভাই আমাদের বার্তা দিয়েছেন তাঁর জরুরি কাজে অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে যেতে হচ্ছে। শিগগিরই তিনি দেশে ফিরবেন। আমাদের সকলকে নির্দেশনা দিয়ে গেছেন। বুলবুল কিন্তু পালাননি, অস্ট্রেলিয়ায় গেলেন পরিবারকে সময় দিতে।’
বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর নিয়মিত বিরতিতে অস্ট্রেলিয়ায় আসা-যাওয়া করেছেন বুলবুল। তবে এবার তিনি একটু দেরিতেই যাচ্ছেন। গত বছরের ডিসেম্বরে দেশে ফেরার পর টানা দুই মাস কাজ করেছেন। এই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), অদম্য টি-২০ কাপ থাকায় সবচেয়ে বেশি ব্যস্ত সময় কাটাতে হয়েছে। টি-২০ বিশ্বকাপে খেলা, না খেলা নিয়ে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে একাধিক সভা করতে হয়েছে। তবে নতুন সরকারের শপথের ঠিক আগের দিন চলে যাওয়া নিয়ে অনেক খবরই ছড়িয়ে পড়ছে। দায়িত্বে ফিরবেন কি না এমন সন্দেহ আছে একটি স্বার্থান্বেষী মহলের।
বিশেষ করে টি-২০ বিশ্বকাপ ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতির জটিলতায় পড়তে হয় বিসিবিকে। বিশ্বকাপ বয়কটের পর থেকেই চাপের মুখে আছেন বিসিবি সভাপতি! এই টানা ব্যস্ততা ও চাপের মধ্যেই সপ্তাহ দুয়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ দেশত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কয়েকটি গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়। তবে পরদিন সকালেই মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে সেই জল্পনায় ইতি টানেন বুলবুল। এবার ঠিকই অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন বুলবুল। বর্তমানে জাতীয় দলের কোনো আন্তর্জাতিক ব্যস্ততা না থাকায় ফাঁকা সময়েই পরিবারের সাথে স্বল্প ছুটি কাটাতে অস্ট্রেলিয়ায় গেছেন বিসিবি সভাপতি। বোর্ড সূত্রমতে, সপ্তাহখানেক পরই দেশে ফেরার কথা রয়েছে তার।