গণভোটের রায় উপেক্ষার প্রতিবাদে কাল ১১ দলের বিক্ষোভ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

গণভোটের গণরায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের উদ্যোগের প্রতিবাদে আগামীকাল শনিবার বিকেল ৫টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় গুলশানে অনুষ্ঠিত জোটের এক জরুরি বৈঠক শেষে সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ এই কর্মসূচি ঘোষণা করেন। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলের নেতা ডা: শফিকুর রহমান এমপির সভাপতিত্বে বৈঠকে জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ড. হামিদুর রহমান আযাদ বলেন, “সরকার গণরায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের যে উদ্যোগ নিচ্ছে, তা রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। বিশেষ প্রয়োজনে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের বৈধ পথ হলো গণভোট এবং ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করা।’

তিনি আরো অভিযোগ করেন, অতীতে সংশোধনীর মাধ্যমে স্বৈরাচারী শাসনের পথ তৈরি করা হয়েছিল এবং বর্তমান সরকারও সেই একই পথে এগোচ্ছে। এ ছাড়া জ্বালানি সঙ্কট অস্বীকার করা এবং স্কুলে অনলাইন কাস চালুর সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য ক্ষতিকর।

আগামী ৪ এপ্রিলের বিক্ষোভ সমাবেশের পাশাপাশি জনমত গঠনে গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে জোটটি। এ ছাড়া আন্দোলনের পূর্ণাঙ্গ রূপরেখা চূড়ান্ত করতে আগামী ৭ এপ্রিল ১১ দলের শীর্ষ পর্যায়ের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে।

দাবি আদায় না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়ে ব্রিফিং শেষ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জোটের অন্যতম শীর্ষ নেতারা হলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, এনসিপির সদস্য সচিব আকতার হোসেন এমপি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী, লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির।