পুলিশ হত্যা মামলা

চট্টগ্রামে ১০ যুবলীগ কর্মীর যাবজ্জীবন কারাদণ্ড

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে পুলিশের এক সদস্যকে কুপিয়ে হত্যার দায়ে ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিদের বেশির ভাগ যুবলীগের কর্মী হিসেবে পরিচিত। সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- মো: জাবেদ, নুরুল আলম, সুমন মোল্লা, হারুন অর রশিদ, তপন চন্দ্র সরকার, মিন্টু দাশ, আরছাল ওরফে রাসেল, ফারুক ওরফে বুলেট ফারুক, মো: সোহেল ও মো: বাবুল। তাদের মধ্যে তপন, আরছাল, সোহেল, বাবুল কারাগারে রয়েছে, অন্যরা পলাতক।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ বলেন, ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরো ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীর পরিবারকে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

২০১৩ সালের ৩ নভেম্বর নগরের টাইগারপাস বাটালি পাহাড়ের পাদদেশে ছিনতাইকারীদের ধাওয়া করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুম। আহত হন অন্য তিন কনস্টেবল আরিফুল ইসলাম, সাহাবউদ্দিন ও সালাউদ্দিন। এ ঘটনায় ১১ জনের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করে পুলিশ।

গ্রেফতার আসামিরা স্বীকার করেন, তারা চাপাতি দিয়ে পুলিশ সদস্যদের কুপিয়েছে। প্রথমে তারা চারজন ছিল। পরে অন্যরা এসে পুলিশ সদস্যদের কোপায়। ছিনতাইয়ে বাধা দেয়ায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ২৩১৩ সালে সংঘটিত এই হত্যা মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।