কটিয়াদীতে দুই দিনে সাড়ে তিন শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

Printed Edition
bangla-2
মেজর (অব:) আখতারুজ্জামানের বাড়িতে বিভিন্ন দলের নেতাকর্মীরা ফরম পূরণ করে জামায়াতে যোগদান করেন : নয়া দিগন্ত

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপি, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন শ্রেণী-পেশার সাড়ে তিন শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির সাবেক সংসদ সদস্য, সদ্য জামায়াতে যোগ দেয়া মেজর (অব:) আখতারুজ্জামান রঞ্জনের হাত ধরে তারা জামায়াতে যোগ দেন।

গত শনিবার রাত ৮টা পর্যন্ত উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে মেজর (অব:) আখতারুজ্জামান রঞ্জনের বাড়িতে তার উপস্থিতিতে জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে নতুন সদস্যরা আনুষ্ঠানিকভাবে সদস্যপদ গ্রহণ করেন।

জানা গেছে, গত ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) আখতারুজ্জামান রঞ্জন। যোগদানের পর থেকেই তিনি কটিয়াদীসহ বিভিন্ন এলাকায় এবং ঢাকায় দলটির নানা কর্মসূচি ও অনুষ্ঠানে নিয়মিত অংশ নিয়ে বক্তব্য রাখছেন।

তিনি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখছেন। পাশাপাশি গত বৃহস্পতিবার তিনি ঢাকা-১১ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেন এবং নিজ এলাকার নেতাকর্মী ও সমর্থকদের জামায়াতে যোগদানের আহ্বান জানান। মূলত তার আহ্বানে সাড়া দিয়েই কটিয়াদী উপজেলার বিভিন্ন এলাকা থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, উপজেলা গণ অধিকার পরিষদের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, সাবেক ইউপি সদস্য এবং দুইজন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিসহ শুক্র ও শনিবার সাড়ে তিন শতাধিক মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।

এ সময় মেজর (অব:) আখতারুজ্জামান রঞ্জন বলেন, দেশ ও মানুষের কল্যাণে আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামী সম্পর্কে ভুল ব্যাখ্যা ও অপপ্রচার চালানো হয়েছে। বাস্তবে জামায়াতে ইসলামী কোনো যুদ্ধাপরাধী দল নয়; এটি একটি স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী রাজনৈতিক দল।