চট্টগ্রামে মোতালেবের জানাজা
কথা দিলাম, অবৈধ আস্তানা গুঁড়িয়ে দেবো : র্যাবের ডিজি
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটি উল্লেখ করে শিগগিরই আইনানুগ প্রক্রিয়ায় সেখানে থাকা অবৈধ বসতি ও অস্ত্রধারীদের নির্মূল করার ঘোষণা দিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। তিনি বলেন, ‘অবৈধ কর্মকাণ্ডের এ আস্তানা আমরা ভেঙে চুরে গুঁড়িয়ে দেব, এইটুকু কথা আমরা আপনাদের দিলাম।’
মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব-৭ এর প্রধান কার্যালয়ে সন্ত্রাসী হামলায় নিহত র্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে, দুপুর আড়াইটার দিকে তার জানাজা অনুষ্ঠিত হয়।
একেএম শহিদুর রহমান বলেন, নায়েব সুবেদার মোতালেব হোসেন শহীদ হয়েছেন। এ ঘটনায় যারা দায়ী, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত র্যাব পুরো বিষয়টি মনিটরিং করবে বলেও জানান তিনি।
নিহতের পরিবারের বিষয়ে র্যাব ডিজি বলেন, ‘মোতালেব হোসেনের পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার স্ত্রী স্বামী হারিয়েছেন, সন্তানরা পিতা হারিয়েছে। আমরা তাকে ফিরিয়ে দিতে পারব না, তবে তার পরিবারের দায়িত্ব আমরা গ্রহণ করেছি। পরিবার যাতে কোনোভাবে অসহায় না হয়ে পড়ে, সে বিষয়ে আমরা পাশে থাকব।’
জঙ্গল সলিমপুর প্রসঙ্গে তিনি বলেন, ‘এলাকাটি এখন সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। সেখানে যারা অবৈধভাবে বসবাস করছে এবং অবৈধ অস্ত্রের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। খুব দ্রুতই সেখানে অভিযান চালানো হবে।’
তিনি আরো বলেন, ২০২৪ সালের জুন-আগস্টের পর থেকে র্যাব অনেক সন্ত্রাসী গ্রেফতার করেছে এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে। প্রতিটি অভিযানে ঝুঁঁকি থাকে। সোমবারের ঘটনাটিও সেরকম একটি ব্যতিক্রমী পরিস্থিতি। পরিস্থিতি বিবেচনায় এবং সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির আশঙ্কায় সদস্যরা তখন গুলি চালাননি। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হবে। কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করে ভবিষ্যতে আরো কার্যকরভাবে অভিযান পরিচালনা করা হবে। হামলায় জড়িত কয়েকজনের নাম ইতোমধ্যে পাওয়া গেছে। তাদের গ্রেফতার করা হবে।
প্রসঙ্গত, গত সোমবার চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীদের বেধড়ক পিটুনি ও গুলিতে র্যাব-৭ এর সদস্য নায়েব সুবেদার মো: মোতালেব হোসেন নিহত হন। এ ঘটনায় আরো তিনজন র্যাব সদস্য আহত হন।