সংবাদ সম্মেলনে তথ্য
অটোরিকশা ও ইজিবাইক খাত থেকে ৮ হাজার কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
দেশের পরিবহন খাতের একটি বিশাল অংশজুড়ে থাকা অটোরিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিকদের দীর্ঘদিনের আইনি লড়াই ও অধিকার আদায়ের সংগ্রামে নতুন আশার আলো দেখা দিয়েছে। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ ইলেকট্রিক মোটরযান প্রশিক্ষণ ও ইজিবাইক সার্ভিস লিমিটেড’ এবং এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেশের প্রায় এক কোটি অটোরিকশা ও ইজিবাইক মালিক এবং শ্রমিকের অধিকার রক্ষায় তারা ২০১৮ সাল থেকে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় উচ্চ আদালত ও সুপ্রিম কোর্টে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে শ্রমিক ও মালিকদের ন্যায্য পাওনা আদায়ে সরকারকে নির্দেশনা প্রদান করা হয়েছে। গত ২৩ জুন এবং ২৩ জুলাই সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের স্মারক মোতাবেক বিআরটিএ চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক মো: আবুল কালাম এক যুগান্তকারী প্রস্তাব তুলে ধরেন। তিনি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী দেশে প্রায় এক কোটি অটোরিকশা ও ইজিবাইক রয়েছে। যদি প্রতিটি গাড়ি থেকে বার্ষিক আট হাজার টাকা করে ট্যাক্স বা রাজস্ব সংগ্রহ করা হয়, তবে সরকার এককভাবে এই খাত থেকে আট হাজার কোটি টাকা রাজস্ব আয় করতে পারবে। এই বিশাল অঙ্কের অর্থ ২০২৬ সালের জাতীয় বাজেটের ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তারা মনে করেন।
বক্তারা জানান, সারা দেশে যানজট নিরসনে তারা ইতোমধ্যে স্বেচ্ছাসেবক নিয়োগের মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণে ভূমিকা রাখছেন। এ ছাড়া সরকারি বিধিনিষেধ সম্পর্কে মালিক ও শ্রমিকদের সচেতন করতে সংবাদ সম্মেলন ও আলোচনা সভার আয়োজন করা হচ্ছে।