মঠবাড়িয়ায় নব নির্মিত ফিস মার্কেট বন্ধ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

Printed Edition

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভায় নির্মিত আধুনিক বহুতল ‘ফিস মার্কেট’ দীর্ঘ পাঁচ বছরেও চালু না হওয়ায় সরকার বছরে প্রায় এক কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। একই সাথে সড়ক ও ফুটপাথ দখল করে ব্যবসা চলায় সৃষ্টি হচ্ছে যানজট ও জনভোগান্তি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সহায়তায় প্রায় ৯ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে তিনতলাবিশিষ্ট এ মার্কেটটি নির্মাণ করা হয়। এতে মোট ৮৬টি দোকান বরাদ্দের সুযোগ রয়েছে। তবে বিভিন্ন জটিলতায় এখনো এটি চালু করা সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, মার্কেটটি বন্ধ থাকায় মাছ ও ফল ব্যবসায়ীরা বাধ্য হয়ে ঢাকা-মঠবাড়িয়া-পাথরঘাটা মহাসড়কের ওপর দোকান বসাচ্ছেন। এতে প্রায়ই তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। রোগী পরিবহনসহ সাধারণ পথচারীদের দুর্ভোগ বাড়ছে।

পৌরসভার একাধিক সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর কয়েক দফা উদ্যোগ নেয়া হলেও এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির হস্তক্ষেপে মার্কেট চালুর প্রক্রিয়া বারবার থেমে যায়। সর্বশেষ আবার একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, নির্দিষ্ট জায়গা না থাকায় প্রতিদিনই তারা ক্ষতির মুখে পড়ছেন। পণ্য নষ্ট হওয়া, নিরাপত্তাহীনতা ও উচ্ছেদ অভিযানের কারণে আর্থিক ক্ষতি বাড়ছে। অভিযোগ রয়েছে, সড়কের প্রতিটি দোকান থেকে নিয়মিত অর্থ আদায় করা হলেও এ বিষয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে চান না। তারা আরো জানান, মার্কেট চালুর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হলেও এখনো কার্যকর কোনো অগ্রগতি হয়নি। দ্রুত দোকান বরাদ্দ দিয়ে মার্কেট চালুর দাবি জানান তারা।

এ দিকে সরকার সড়ক ও ফুটপাথ দখলমুক্ত রাখতে দেশব্যাপী কর্মসূচি বাস্তবায়ন করছে। তবে মঠবাড়িয়ায় বিকল্প ব্যবস্থা থাকা সত্ত্বেও সড়কেই ব্যবসা চলতে থাকায় প্রশ্ন উঠেছে সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আকলিমা আক্তার জানান, মার্কেটটি উপজেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ইজারা দেয়ার প্রক্রিয়া চলমান। দ্রুত সময়ের মধ্যেই এটি চালু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, মার্কেটটি উদ্বোধনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। শিগগিরই এটি চালু হলে যানজট কমবে এবং ব্যবসায়ীরাও নির্দিষ্ট স্থানে বসতে পারবেন।