পিরোজপুরের রাজনীতিতে নতুন মেরুকরণ

Printed Edition
bangla-3
পিরোজপুরের রাজনীতিতে নতুন মেরুকরণ

পিরোজপুর প্রতিনিধি

নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর জেলার রাজনীতিতে নতুন করে মেরুকরণ স্পষ্ট হয়ে উঠছে। জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে পিরোজপুর-১ ও পিরোজপুর-২ আসন। এ দুই আসনে একাধিক প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ও বিএনপির মধ্যে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে উভয় রাজনৈতিক দলই নিজ নিজ কৌশল নির্ধারণ করে মাঠে নেমেছে। আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা বন্ধ থাকলেও প্রার্থীরা নানা কৌশলে নির্বাচনী মাঠে সক্রিয় সময় পার করছেন।

তবে নির্বাচনী মাঠে বিএনপির অবস্থান ঘিরে ভিন্ন ধরনের আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে স্বৈরাচারী আওয়ামী লীগ ও তাদের সহযোগী জাতীয় পার্টি (জেপি) থেকে তিনজন চেয়ারম্যানসহ অনেক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

এদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন সাবেক মেয়র হাবিবুর রহমান মালেকের ঘনিষ্ঠ কয়েকজন ক্যাডার বাহিনীর সদস্যও। এ ঘটনায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ও শঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ উঠছে।

দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ব্যক্তিদের হঠাৎ করে বিএনপিতে অন্তর্ভুক্তি নিয়ে নানা প্রশ্ন তুলছেন স্থানীয় নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ বিষয়ে প্রকাশ্যে সমালোচনামূলক পোস্ট দিচ্ছেন।

অভিযোগ রয়েছে, এসব নতুন যোগদানকারী ব্যক্তিরা বিরোধী দলের অনেক নেতাকর্মীর বাসায় গিয়ে নানা ধরনের হুমকি দিচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েক ব্যক্তি জানান, বেশকিছুদিন ধরে তাদের বাড়িতে এসে হুমকি দেয়া হচ্ছে- ‘তাদের পক্ষে কাজ না করলে বাড়িতে থাকতে দেয়া হবে না’।

এ হেন পরিস্থিতির প্রতিবাদে পিরোজপুরের জুলাইযোদ্ধারা ধারাবাহিকভাবে বিক্ষোভ মিছিল ও সোনালী কর্মসূচি পালন করে আসছেন। তারা জানান, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

জুলাইয়ের অন্যতম যোদ্ধা আলী আকবর বলেন, ‘হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা নতুনভাবে বাংলাদেশকে স্বাধীন করেছি। যাদের গায়ে সে রক্তের দাগ লেগে আছে, তাদের যারা আশ্রয়-প্রশ্রয় দেবে- আমরা তাদেরও স্বৈরাচার হাসিনার মতোই রুখে দেবো। সামান্য ভোটের লোভে যারা জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করবে, তাদের পরিণতিও স্বৈরাচার হাসিনার মতোই হবে। প্রয়োজনে আরেকটি জুলাই আসবে।’

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পিরোজপুর-১ ও পিরোজপুর-২ আসনে জামায়াত নেতৃত্বাধীন জোট তুলনামূলকভাবে ঐক্যবদ্ধ ও সংগঠিত অবস্থানে থাকলেও বিএনপির ভেতরে এ যোগদান ইস্যু বিভাজন ও অস্বস্তি সৃষ্টি করছে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, এ পরিস্থিতি ভোটের ফলাফলে কী ধরনের প্রভাব ফেলবে- তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা-কল্পনা।