সুদানের মসজিদে আরএসএফের ড্রোন হামলা : ২ শিশু নিহত
Printed Edition
আলজাজিরা
সুদানের মধ্যাঞ্চলীয় নর্থ করদোফান রাজ্যের একটি মসজিদে ড্রোন হামলায় অন্তত দুই শিশু নিহত এবং আরো ১৩ জন আহত হয়েছে। দেশটিতে চলমান সংঘাতের মধ্যে সাম্প্রতিক সময়ে এ ধরনের হামলা বৃদ্ধি পেয়েছে। সুদান ডক্টরস নেটওয়ার্ক নামের চিকিৎসক সংগঠন জানিয়েছে, বুধবার ভোরে শেখ আহমদ আল-বাদাবি মসজিদে এই হামলা চালানো হয়। হামলার সময় মসজিদের ভেতরে শিশুরা কুরআন শিক্ষা গ্রহণ করছিল।
সংগঠনটি অভিযোগ করেছে, আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এই হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে আরএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এক বিবৃতিতে এ হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং উপাসনালয়ে গুরুতর আঘাত হিসেবে উল্লেখ করেছে চিকিৎসক সংগঠনটি।
তারা বলেছে, মসজিদের ভেতরে শিশুদের লক্ষ্যবস্তু করা একটি পূর্ণাঙ্গ অপরাধ, যা কোনোভাবেই ন্যায্যতা দেয়া যায় না। এটি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ধারাবাহিক লঙ্ঘনের বিপজ্জনক বহিঃপ্রকাশ। সংগঠনটির দাবি, এর আগেও আরএসএফ খার্তুমের একটি গির্জা এবং এল-ফাশেরের আরেকটি মসজিদে হামলা চালিয়েছে, যা ধর্মীয় স্থাপনার পবিত্রতার প্রতি স্পষ্ট ঘৃণার প্রমাণ।
এদিকে জাতিসঙ্ঘ জানিয়েছে, দক্ষিণ, উত্তর ও পশ্চিম করদোফান রাজ্যে সাম্প্রতিক সময়ে বেসামরিক অবকাঠামোর ওপর একাধিক ড্রোন হামলার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে কাদুগলিতে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) একটি গুদামেও অজ্ঞাত রকেট হামলা হয়েছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘের মুখপাত্র স্টিফেন দুজারিক।